হাড়কাঁপানো ঠান্ডা মধ্যেই নতুন বছরকে স্বাগত জানালেন বঙ্গবাসী। (Weather Update)
বৃহস্পতিবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়ায় ১১.৬ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের চেয়ে ২.৬ ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, বুধবার ছিল কলকাতার মরসুমের শীতলতম দিন। কলকাতার তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘরে নামে। যেখানে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি সেলসিয়াস। (Weather Update)
দিনের বেলাতেও তীব্র শীতের অনুভূতি, রাতে পারদপতন। ফলে দিনভর হাড়কাঁপানো ঠান্ডায় শহরবাসী শীতের তীব্রতা অনুভব করেছেন। বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫.৮ ডিগ্রি সেলসিয়াস নিচে। দিন ও রাতের তাপমাত্রার এই উল্লেখযোগ্য পতনের ফলে কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে। (Weather Update)
তাপমাত্রা হ্রাসের পাশাপাশি রাজ্যজুড়ে ঘন কুয়াশার দাপট বজায় থাকবে বলে সতর্ক করেছে আলিপুর হাওয়া অফিস। আগামী কয়েক ঘণ্টায় উত্তরবঙ্গের আট জেলা— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার সতর্কতা। দক্ষিণের জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ এবং নদিয়ায় ঘন কুয়াশার প্রভাব থাকার তীব্র সম্ভাবনা রয়েছে।
তবে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চার দিন তাপমাত্রার বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই। দুই-এক ডিগ্রি বাড়লেও আগামী সাত দিন শীতের তীব্রতা বজায় থাকবে। সাত দিন পর ফের পারদপতনের সম্ভাবনা রয়েছে । ফলে জানুয়ারির বাকি দিনগুলোতেও শীতের এই পরিস্থিতি বজায় থাকার পূর্ণ সম্ভাবনা রয়েছে। (Weather Update)











