সকাল থেকে মেঘে আনাগোনা দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলার আকাশে। বেলা গড়াতেই কোথাও হালকা বৃষ্টি। আজ কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে আলিপুরের আবহাওয়া দফতর। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। তবে দক্ষিণের তুলনায় উত্তরবঙ্গে তুলনামূলকভাবে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
বৃহস্পতিবার, ২০ অগাস্ট দক্ষিণবঙ্গের অনেক জেলায় ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর বা IMD জানিয়েছে, আজ কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া ও মুর্শিদাবাদে বৃষ্টি হবে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে। তবে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে হুগলি ও উত্তর ২৪ পরগনায়। এই সব জেলায় বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝড় বয়ে যেতে পারে। (Weather Update)
অন্যদিকে উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় দমকা হাওয়া বইতে পারে। বজ্রবিদ্যুতের দাপটও দেখা দিতে পারে। সেই সঙ্গে আজ সমুদ্র উত্তাল হতে পারে। আর পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম-সহ পশ্চিমের জেলাগুলিতে স্থানীয়ভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এই সব জেলায় আলাদা করে কোনও সতর্কতা নেই।
ব্যবসা বা কর্মক্ষেত্রে কেমন কাটবে দিনটি? আপনার রাশিফল কী বলছে, জেনে নিন
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
অন্যদিকে বৃহস্পতিবার উত্তরবঙ্গে ব্যাপক বৃষ্টি হতে পারে। দার্জিলিং থেকে শুরু করে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টি হবে বেশি। এছাড়া ডুয়ার্স অঞ্চলেও তুলনামূলকভাবে ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। (Weather Update)








