‘3 Idiots’-এর সঙ্গে তাঁর যোগ নিয়ে আমির খানের মন্তব্য ঘিরে এবার মুখ খুললেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। আমির বলেছিলেন, ছবিটি তৈরির সময় তিনি সোনমকে চিনতেন না। এমনকি তাঁদের দেখা হয়নি বলেও দাবি করেছিলেন অভিনেতা। সেই মন্তব্যের জবাবেই এবার ‘গজিনি’ সিনেমার প্রসঙ্গ টেনে আমিরকে কটাক্ষ করলেন সোনম। (3 Idiots controversy)
পুরনো ভিডিয়ো সামনে আসতেই পাল্টা সোনমের
জুলাইয়ে আমিরের ওই মন্তব্যের পরই ২০০৮ সালের একটি পুরনো ভিডিয়ো সামনে আসে। সেখানে সোনম ওয়াংচুকের একটি অনুষ্ঠানে আমির খানকে দেখা যায়। সোনমের বক্তব্য, সেই অনুষ্ঠানে আমির তাঁর বক্তব্য শুনেছিলেন। শুধু তাই নয়, তাঁদের মধ্যে বেশ কিছুক্ষণ কথাও হয়েছিল। (3 Idiots controversy)
সম্প্রতি প্রখর গুপ্তার পডকাস্টে বিষয়টি নিয়ে কথা বলেন সোনম। সেখানেই আমিরের ‘দেখা হয়নি’ মন্তব্য নিয়ে তাঁর রসিকতা, “হয়তো উনি তখন ‘গজিনি’র পোশাকে ছিলেন। তাই শর্ট-টার্ম মেমরি লস হয়ে থাকতে পারে। ১৫ মিনিট পর হয়তো সব ভুলে গিয়েছিলেন।”
‘বিস্তারিত আলোচনা হয়েছিল’
সোনম জানান, আমিরের সঙ্গে তাঁর সাক্ষাৎ খুবই বিস্তারিত ছিল। বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে আলোচনা হয়েছিল। তাই আমিরের দাবি শুনে তিনি খুব একটা অবাক হননি বলেও জানান সোনম। তবে ‘3 Idiots’-এর চরিত্র তাঁর জীবন অবলম্বনে তৈরি হয়েছে, এমন দাবি করেননি তিনি। তাঁর বক্তব্য, তাঁর সঙ্গে আলোচনার কোনও ভাবনা হয়তো ছবির ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করে থাকতে পারে। সেটিকে সরাসরি জীবনী বলা ঠিক হবে না। (3 Idiots controversy)
কী বলেছিলেন আমির?
BFI-তে এক আলোচনায় আমির দাবি করেছিলেন, ‘3 Idiots’ তৈরির সময় তিনি, পরিচালক রাজকুমার হিরানি এবং লেখক অভিজাত জোশী কেউই সোনমকে চিনতেন না। তাঁর মতে, সোনমের কাজ প্রশংসনীয় হলেও ছবির চরিত্র তাঁর উপর ভিত্তি করে তৈরি নয়।(3 Idiots controversy)
২০০৯ সালে মুক্তি পাওয়া রাজকুমার হিরানি পরিচালিত ‘3 Idiots’-এ আমিরের সঙ্গে অভিনয় করেন আর মাধবন, শর্মান জোশী, করিনা কপুর খান এবং বোমান ইরানি। ইঞ্জিনিয়ারিং কলেজের তিন বন্ধুর গল্প নিয়ে তৈরি ছবিটি বক্স অফিসে বড় সাফল্য পেয়েছিল।











