ভারী বৃষ্টির জেরে জলমগ্ন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের একাংশ। বিমানবন্দরের প্রবেশপথের সামনে জল জমে যাওয়ায় চরম সমস্যায় পড়তে হয় যাত্রীদের। অনেককেই হাঁটুসমান প্যান্ট গুটিয়ে জলের মধ্যে দিয়ে লাগেজের ট্রলি ঠেলে গেটের দিকে যেতে দেখা যায়। জমা জলের একাধিক ছবি ও ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে।
বৃষ্টির প্রভাব পড়েছে বিমান পরিষেবাতেও। দিল্লিগামী পাঁচটি বিমানকে খারাপ আবহাওয়ার কারণে লখনউ বিমানবন্দরে অবতরণের জন্য নির্দেশ দেওয়া হয়। বিমানবন্দরে আটকে থাকা এক যাত্রী জানান, এমন পরিস্থিতি তিনি আগে কখনও দেখেননি। প্রায় আধ ঘণ্টা ধরে দাঁড়িয়ে ছিলেন তিনি। জল কিছুটা কমার অপেক্ষাতেই ছিলেন। আর এক যাত্রী জানান, প্রায় দু’বছর আগে একই ধরনের জল জমার ঘটনা দেখেছিলেন। এ বার বৃষ্টির তীব্রতা আরও বেশি বলে তাঁর দাবি। জন্মাষ্টমী উপলক্ষে বিভিন্ন জায়গায় পুজোর আয়োজন থাকায় ভিড়ও ছিল বেশি। (Delhi Airport Waterlogging)
পার্কস্ট্রিটে হোটেল-রেস্তোরাঁয় হানা, উদ্ধার পচা মাংস-সহ বিপুল নষ্ট খাবার
দিল্লিতে হলুদ সতর্কতা
ইতিমধ্যেই আবহাওয়া দফতর (IMD) দিল্লিতে হলুদ সতর্কতা জারি করেছে। নীচু এলাকা ও আন্ডারপাসে জল জমতে পারে বলে সতর্ক করা হয়েছে। পাশাপাশি যানজট এবং গণপরিবহণে দেরির আশঙ্কাও রয়েছে।
IMD জানিয়েছে, আগামী কয়েক ঘণ্টায় কয়েক দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত ও ঝড় হতে পারে। কিছু এলাকায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ৫০ থেকে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, যা দমকা হাওয়ায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে।
তাই এই অবস্থায় দিল্লিবাসীদের বৃষ্টির মধ্যে বেরোনোর আগে ট্রাফিক পরিস্থিতি দেখে নেওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। বজ্রপাতের সময় বিদ্যুতের তার ও খুঁটির কাছাকাছি না যাওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে। (Delhi Airport Waterlogging)











1 thought on “ভারী বৃষ্টিতে জলমগ্ন দিল্লি বিমানবন্দর, হাঁটুসমান জলে যাত্রীদের ভোগান্তি”