ট্রেনে চেপে নিজেদের গন্তব্যের দিকে রওনা দিয়েছিলেন যাত্রীরা। নিরাপদে গন্তব্যে পৌঁছনোরই কথা। কিন্তু সেই যাত্রাই মুহূর্তে পরিণত হলো আতঙ্কে। মুম্বইগামী এক দুরন্ত এক্সপ্রেসের এসি থ্রি-টিয়ার কামরার জানলায় আচমকা এসে আছড়ে পড়ল একটি পাথর। ভেঙে চুরমার হয়ে গেল জানলার কাচ। ঘটনায় আহত হন চার যাত্রী। কামরার ভিতরে তখনই বসেছিলেন ছোট ছোট শিশু ও তাদের পরিবারের সদস্যরা। অল্পের জন্য বড়সড় বিপদ এড়ানো গিয়েছে বলে দাবি যাত্রীদের। ইতিমধ্যেই ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যদিও ঠিক কোথায় এই ঘটনা ঘটেছে, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।
VIRAL VIDEO: জানলার কাচ ভাঙতেই কামরায় আতঙ্ক
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োটিতে সেখানে দেখা যাচ্ছে চলন্ত ট্রেনের জানলায় কিছু একটা এসে আঘাত করছে। মুহূর্তের মধ্যেই ভেঙে পড়ছে কাচ। এরপরই কামরার ভিতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।ওই যাত্রীর পোস্ট অনুযায়ী, পাথরের আঘাতে তাঁর চার বন্ধু আহত হয়েছেন। জানলার দু’পাশেই বসেছিলেন শিশু-সহ একাধিক পরিবারের সদস্যরা। ফলে পাথরটি সরাসরি কারও গায়ে লাগলে কিংবা কাচের টুকরো ছিটকে কারও শরীরে ঢুকে গেলে আরও বড় বিপদ ঘটতে পারত।
ঘটনার পর যাত্রীদের বক্তব্য, এসি ট্রেনের জানলা বন্ধ থাকায় পাথরটি তাঁদের জানলায় এসে লেগেছে। কিন্তু এটা যদি অন্য কোন ট্রেন হতো এবং কারও গায়ে সরাসরি পাথরটি লাগলে পরিণতি আরও ভয়াবহ হতে পারত।
রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন
ঘটনার পর রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন ওই যাত্রীরা। তাঁদের বক্তব্য, বিষয়টি শুধু একটি জানলার কাচ ভেঙে যাওয়ার ঘটনা নয়। কয়েক মুহূর্তের মধ্যে কীভাবে একটি সাধারণ ট্রেনযাত্রা বিপজ্জনক হয়ে উঠতে পারে, এই ঘটনাই তার প্রমাণ।
বাড়ির সামনে মদ্যপানে আপত্তি, লখনউয়ে ৭০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ করে খুনের অভিযোগ
যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কড়া ব্যবস্থা নেওয়া, এমন ঘটনা কারা ঘটালো তাদের চিহ্নিত করা এবং রেল কর্তৃপক্ষের জবাবদিহির দাবিও জানানো হয়েছে ওই পোস্টে। চলন্ত ট্রেনে এভাবে পাথর ছোড়ার ঘটনা ঘটলে যাত্রীরা আদৌ কতটা নিরাপদ, সেই প্রশ্নও তুলেছেন ওই যাত্রী।
বিহারে ঘটেছে? উঠছে প্রশ্ন
ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই নেটমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। কয়েকজন নেটিজেনের অনুমান, বিহার সংলগ্ন কোনও এলাকায় এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে সেই অনুমানের কোনও নিশ্চিত প্রমাণ মেলেনি। ঠিক কোথায় এবং কারা চলন্ত ট্রেন লক্ষ্য করে পাথর ছুড়েছে, তা এখনও স্পষ্ট নয়। (VIRAL VIDEO)
যদিও ওই ইনস্টাগ্রাম পোস্টে ভারতীয় রেল, রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং নাগপুর পুলিশকেও ট্যাগ করা হয়েছে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত ভারতীয় রেলের তরফে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। সব মিলিয়ে, চলন্ত ট্রেনে পাথর ছোড়ার এই অভিযোগ ফের রেলযাত্রীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।










