মালদার পর সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra modi)। রবিবার দুপুরে হুগলির সিঙ্গুরে সভা করলেন প্রধানমন্ত্রী মোদী। প্রথমে প্রশাসনিক কর্মসূচি এবং তার পরে দলীয় সভা করেন তিনি। মানুষের উৎসাহকে প্রণাম জানিয়ে তিনি জানান, মানুষের এই উৎসাহ দেখে তিনি অভিভূত।
এদিনের সভা থেকে ফের তৃণমূল সরকারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন মোদী। সভামঞ্চ থেকে তিনি বলেন, ‘পশ্চিমবঙ্গের মানুষ পরিবর্তন চাইছে। সবাই ১৫ বছরের জঙ্গলরাজের শেষ চায়। মোদির অভিযোগ, কেন্দ্রীয় সরকারের প্রকল্পগুলি এই রাজ্যের তৃণমূল সরকার মানুষের কাছে পৌঁছতে দেয় না। পশ্চিমবঙ্গের সেবা করাই তাঁর লক্ষ্য। কিন্তু তৃণমূলের সরকার কেন্দ্রের প্রকল্পের সুফল মানুষের কাছে পৌঁছতে দেয় না। রাজ্যবাসীর সঙ্গে শত্রুতা করছে তৃণমূলের সরকার। কেন্দ্রীয় সরকার তৃণমূল সরকারকে চিঠি লিখলে মুখ্যমন্ত্রী সেই চিঠি পড়েন না। আধিকারিকরা তো চিঠি পড়ুক।’
মোদীর পাল্টা, পাল্টানোর ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
সিঙ্গুরের সভা থেকে মোদি আরও বলেন, ‘বিনিয়োগ তখনই আসবে, যখন বাংলা থেকে দুর্নীতি দূর হবে, আইনশৃঙ্খলা ঠিক হবে।’ সেই কারণেই বিধানসভা ভোটে বিজেপিকে সরকারে আনা উচিত বলে দাবি করেন তিনি। ডবল ইঞ্জিন সরকারের প্রয়োজন রয়েছে বাংলায়। স্লোগান তুলে বললেন, ‘পাল্টানো দরকার।’
গরিবদের উন্নয়নে বাধা দিচ্ছে তৃণমূল সরকার। ভোটাররা জেগে উঠেছেন, তৃণমূল সাজা পাবে বলে মন্তব্য করেন মোদি। আইনশৃঙ্খলার উন্নতি হলেই পশ্চিমবঙ্গে শিল্প আসবে বলে মন্তব্য প্রধানমন্ত্রীর।
সীমান্তে অনুপ্রবেশ নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য, পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের জন্যই সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া যাচ্ছে না। অনুপ্রবেশের জন্য তৃণমূলকে দায়ী করে এদিন মোদি বলেন, ‘পশ্চিমবঙ্গের, এমনকী দেশের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করছে তৃণমূলের সরকার। অনুপ্রবেশকারীদের সুবিধা করে দিচ্ছে।’ তাই যুবসমাজকে সাবধান হতে হবে বলে সতর্ক করে দেন।











