৪৯ সেকেন্ড বাকি। তার মধ্যেই বাজিমাত ভারতের। পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে প্রবেশ করল ভারতের পুরুষ হকি দল, সঙ্গে পদকও নিশ্চিত করল। দিনের শুরুটা ভলিবলে পাকিস্তানের কাছে হার দিয়ে শুরু করেছিল ভারত। তারই বদলা নিল হকিতে (asian games 2026)।
asian games 2026: ভারতের পাক বধ
শেষ ৪৯ সেকেন্ড, ভারত-পাকিস্তান ম্যাচে টানটান উত্তেজনা। বৃহস্পতিবার জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকলেন দর্শকরা। ভারত একটা সময়ে ৩-০ গোলে এগিয়ে গিয়ে পরে ৩-৩ সমতায় আটকে যায়। আর সেখান থেকে অন্তিম মিনিটে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয়। নাটকীয়তায় মোড়া এই সেমিফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে ফাইনালে উঠল ভারত (asian games 2026)।
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ভারত
প্রথম থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলছিল ভারত। প্রথমেই পেনাল্টি কর্নার থেকে নিজের ট্রেডমার্ক ড্র্যাগ-ফ্লিকে বল জালে জড়িয়ে ভারতকে ১-০ এগিয়ে দেন অধিনায়ক হরমনপ্রীত সিং। অষ্টম মিনিটে দিলপ্রীতের একটি গোল ব্যাক-স্টিকের কারণে ভিডিয়ো রিভিউতে বাতিল হলেও ভারতীয় আক্রমণ থামেনি। ১৩ মিনিটে রিভার্স হিটে পেনাল্টি কর্নার আদায় করে নিখুঁত ফিনিশে ব্যবধান ২-০ করেন সেই হরমনপ্রীতই। দ্বিতীয় কোয়ার্টারের ২৩ মিনিটে মনপ্রীত ও শীলানন্দের দুর্দান্ত সমন্বয়ে পাকিস্তানের ডি-বক্সে বল পান সুখজিত সিং, যাঁর আলতো টোকায় ভারতের স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
ছন্দে ফেরে পাকিস্তান
এরপরই ছন্দে ফেরে পাকিস্তান। ৩০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোলরক্ষক মোহিতকে পরাস্ত করে পাকিস্তানের আবু মাহমুদ ব্যবধান ৩-১ করেন। বিরতির পর তৃতীয় কোয়ার্টারে ভারত অনেকটাই স্লো হয়ে পড়ে। সেই সুযোগে ৪৫ মিনিটে ভারতীয় ডিফেন্সের ব্যর্থতার ফায়দা তুলে হান্নান শাহিদ ৩-২ করেন। চতুর্থ কোয়ার্টারের শুরুতে অর্থাৎ ৪৯ মিনিটে ডান প্রান্ত থেকে আসা পাসে রানা ওয়াহিদ স্টিক ছুঁইয়ে ৩-৩ সমতা ফেরান। টানা তিনটে গোল খেয়ে অনেকটাই ব্যাকফুটে চলে যায় ভারতীয় শিবির। পরিস্থিতি বেগতিক দেখে গোলরক্ষক সুরজ কারকেরাকে ফের নামান কোচ ক্রেগ ফুলটন।
ম্যাচের শেষ দশ মিনিট ছিল চরম উত্তেজনায় ভরা। ৫৪ মিনিটে পাকিস্তানের পেনাল্টি কর্নার গোললাইন থেকে প্রতিহত করেন অমিত রোহিদাস। ৫৯ মিনিটে ভারতের একটি পেনাল্টি কর্নারের আবেদন ভিডিয়ো রিভিউতে নাকচ হলে মনে হচ্ছিল ম্যাচটি হয়তো শ্যুট-আউটেই গড়াবে।
শেষ কয়েকটা মুহূর্ত ছিল ভারতের জন্য খুব কঠিন। খেলার ঘড়িতে যখন ঠিক ৬০ মিনিট, সার্কেলের ডান প্রান্তে সামান্য ফাঁকা জায়গা পেয়ে বিদ্যুৎগতিতে ঢুকে পড়েন অভিষেক। দুরূহ কোণ থেকে তাঁর নেওয়া জোরালো শট গোলরক্ষক রাজার পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। আর এর পরেই ম্যাচ শেষের হুটার বাজে। ৪-৩ গোলে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে ওঠে ভারত।











1 thought on “রুদ্ধশ্বাস ম্যাচ, পাকিস্তানকে ৪-৩ গোলে হারিয়ে এশিয়াডে ফাইনালে ভারতের হকি দল”
Comments are closed.