৪৪ বছর পর আবার এশিয়ান গেমসের মহিলা হকিতে সোনা জিতল ভারত। শুক্রবার জাপানের কাকামিগাহারার অ্যাস্ট্রোটার্ফে হাই-ভোল্টেজ ফাইনালে শক্তিশালী চিনকে ১-০ গোলে হারিয়ে স্বর্ণপদক নিশ্চিত করল ভারতের মহিলা হকি দল। ১৯৮২ সালের পর এই প্রথম এশিয়ান গেমসে মহিলা হকিতে সোনা এল ভারতের ঘরে। দীর্ঘ অপেক্ষার অবসানে ইতিহাস গড়লেন সালিমা তেতে, সবিতা পুনিয়া, লালরেমসিয়ামিরা। (Indian Women’s Hockey)
দশম মিনিটেই লালরেমসিয়ামির গোল
এক ঘণ্টা দেরিতে শুরু হয় ভারত-চিন ফাইনাল। শুরু থেকেই বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল চিন। তবে ম্যাচের দশম মিনিটেই এগিয়ে যায় ভারত। মাঝমাঠে চিনের কাছ থেকে বল কেড়ে নেন লালরেমসিয়ামি। এরপর একাই চিনের ডি-বক্সে ঢুকে বাঁ দিক থেকে জোরালো শট নেন তিনি। (Indian Women’s Hockey) বল সরাসরি চিনের জালে জড়িয়ে যায়। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। এই ম্যাচটি লালরেমসিয়ামির জন্যও বিশেষ ছিল। জাতীয় দলের হয়ে এটি ছিল তাঁর ২০০তম আন্তর্জাতিক ম্যাচ। ২৬ বছর বয়সি এই তারকার গোলই শেষ পর্যন্ত ভারতের সোনার ভিত গড়ে দেয়।
সবিতার দুর্দান্ত সেভ
গোল খাওয়ার পর আক্রমণের গতি বাড়ায় চিন। দ্বিতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে পেনাল্টি কর্নার পায় তারা। গোললাইন থেকে বল ক্লিয়ার করে ভারতকে বাঁচান নবনীত কৌর।এরপর আরও বড় পরীক্ষা আসে ভারতের সামনে। বক্সে ফাউলের কারণে চিনকে পেনাল্টি স্ট্রোক দেওয়া হয়। কিন্তু ভারতের গোলরক্ষক সবিতা পুনিয়া সেই সুযোগ নষ্ট করে দেন। চিনের ঝাং ইংয়ের নেওয়া শট বাঁ দিকে ডাইভ দিয়ে আটকে দেন তিনি। ফাইনালে সেটিই হয়ে ওঠে গুরুত্বপূর্ণ মুহূর্ত। (Indian Women’s Hockey)
শেষ পর্যন্ত ধরে রাখল ভারত
তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোকের আবেদন জানায় চিন। ভারত ভিডিয়ো রেফারালের আবেদন করে। পরে সিদ্ধান্ত বদলে পেনাল্টি কর্নার দেওয়া হয় চিনকে। সেই আক্রমণে শরীর ছুড়ে বল আটকে দেন ভারতীয় অধিনায়ক সালিমা তেতে। তাতে হাতে চোটও পান তিনি। শেষ কোয়ার্টারে ম্যাচ আরও উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। শেষ তিন মিনিটে গোলরক্ষককে তুলে নিয়ে অতিরিক্ত এক জন ফিল্ডার নামায় চিন। ১১ জন নিয়ে ভারতের উপর চাপ তৈরি করে তারা। সেই সময় ভারতও একটি কাউন্টার-অ্যাটাকের সুযোগ পেয়েছিল। কিন্তু তা থেকে গোল হয়নি।
শেষ পর্যন্ত ঠান্ডা মাথায় বলের দখল ধরে রাখে ভারত। শেষ মিনিটে চিনের জোরালো শটও বুট দিয়ে আটকে দেন সবিতা। শেষ বাঁশি বাজতেই ১-০ ব্যবধানে জয় নিশ্চিত হয় ভারতের। কাকামিগাহারার মাঠে শুরু হয় ভারতের ‘চক দে’ উৎসব। ১৯৮২ সালের পর ২০২৬-এ ফের এশিয়ান গেমসের মহিলা হকিতে সোনা পেল ভারত। (Indian Women’s Hockey)













1 thought on “৪৪ বছর পর এশিয়ান গেমসে সোনা, চিনকে হারিয়ে ইতিহাস ভারতের মহিলা হকিতে”
Comments are closed.