দুর্গাপুজোর প্রস্তুতি শেষ পর্যায়ে। আর তার মধ্যেই পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হল রাজ্য সরকারের আর্থিক অনুদানের চেক। এদিন দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর উত্তর ও দক্ষিণ বিধানসভার পুজো কমিটিগুলির জন্য পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয় সোনারপুর ও নরেন্দ্রপুরে। শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আবেদন বিধায়ক দেবাশিষ ধরের (Sonarpur)।
Sonarpur: নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় বিশেষ নজর প্রশাসনের
সোনারপুর উত্তরে মোট ৩২৯ টি অনুমোদিত দুর্গাপুজো রয়েছে। তার মধ্যে আর্থিক সাহায্যের জন্য আবেদন জানিয়েছিল ২৮৭টি পুজো কমিটি। আবেদনকারী কমিটির হাতেই তুলে দেওয়া হয় অনুদানের চেক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক দেবাশিস ধর, অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিত বড়ুয়া এবং ডিএসপি ক্রাইম, ফয়সেল বিন আহমেদ-সহ প্রশাসনের আধিকারিকরা। পুজো উদ্যোক্তাদের পাশাপাশি সাধারণ মানুষকেও শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আবেদন জানান বিধায়ক দেবাশিষ ধর (Sonarpur)।
বিধায়ক দেবাশিষ ধর বলেন, “আগের বছর যাঁরা পুজোর অনুমোদন পাননি। তাঁদের মুখে প্রথমবারের মতো আমরা হাসি ফুটিয়েছি। যেহেতু সর্বজনীন দুর্গোৎসব, আমরা সকলে মিলে আনন্দ করব। তৃতীয়া থেকে দশমী পর্যন্ত আমি চেষ্টা করব সব পুজো প্যান্ডেলে যাওয়ার”।
অন্যদিকে সোনারপুর দক্ষিণ বিধানসভা এলাকায় মোট ৩৬০ টি দুর্গাপুজোর মধ্যে ৩৩০ টি পুজো কমিটি অনুদান পাচ্ছে। সোনারপুর বিডিও অফিসে আয়োজিত অনুষ্ঠানে পুজো কমিটিগুলির হাতে তুলে দেওয়া হয় আর্থিক অনুদানের চেক। অনুদান পেয়ে খুশি পুজো উদ্যোক্তারা। সোনারপুর দক্ষিণের বিধায়ক রূপা গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, পুজোর সময় ছিনতাই রুখতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি রাস্তায় বাইক বাহিনীর দাপট নিয়ন্ত্রণেও নজরদারি থাকবে। উৎসবের আনন্দ যাতে কোনওভাবেই বিঘ্নিত না হয়, সেদিকেই গুরুত্ব দেওয়া হচ্ছে।
উৎসবের আনন্দে যাতে কোনও খামতি না থাকে, আবার শান্তিশৃঙ্খলা ও পরিবেশও যাতে বজায় থাকে—সেই লক্ষ্যেই প্রস্তুতি চলছে সোনারপুর ও নরেন্দ্রপুরজুড়ে।












1 thought on “সোনারপুরের ৬১৭ দুর্গাপুজো কমিটিকে আর্থিক অনুদান, শান্তিপূর্ণভাবে উৎসব পালনের আবেদন বিধায়কের”
Comments are closed.