---Advertisement---

Santosh Trophy Schedule: বদলে গেল বাংলার ম্যাচ, চাপে পড়ে সন্তোষ ট্রফির সূচি বদল AIFF-এর

February 1, 2026 4:05 PM
Santosh trophy schedule
---Advertisement---

সন্তোষ ট্রফিতে আয়োজকের চরম অব্যবস্থাপনার মুখে পড়ে শেষ পর্যন্ত স্বস্তি পেল বাংলা (Santosh Trophy Schedule)। গ্রুপ পর্বে লিগ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে ওঠা গতবারের চ্যাম্পিয়ন বাংলার ম্যাচের সময় বদলাতে বাধ্য হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন বা AIFF। বাংলার ফুটবল সংস্থা IFA-র কড়া আপত্তির পর কোয়ার্টার ফাইনাল একদিন পিছিয়ে ৩ ফেব্রুয়ারি দুপুর দু’টোয় আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অসমে আয়োজিত এবারের সন্তোষ ট্রফি শুরু থেকেই সূচি ও লজিস্টিক্স নিয়ে ক্ষোভে ছিল বাংলা শিবির। ভেন্যু থেকে হোটেলের দূরত্ব প্রায় ৮০ কিলোমিটার হওয়ায় প্রতিদিন মাঠে যাতায়াতেই ফুটবলারদের আড়াই ঘণ্টার বেশি সময় লেগেছে। তার উপর ম্যাচের পর পর্যাপ্ত বিশ্রাম বা রিকভারির সুযোগও মেলেনি। পরিস্থিতি চরমে ওঠে গ্রুপ স্তরের শেষ ম্যাচে। অসমের বিরুদ্ধে ম্যাচের দিন ডিব্রুগড়ে অমিত শাহ-র কর্মসূচি ও স্থানীয় উৎসব থাকায় বাংলার দলকে প্রায় ১২ ঘণ্টা বাসে সফর করতে হয়—তাও খাবার বা জলের পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াই।

এই ঘটনার পরই আইএফএ সচিব অনির্বাণ দত্ত ও সভাপতি কল্যাণ চৌবে AIFF-কে চিঠি দিয়ে কড়া ভাষায় আপত্তি জানান। তাঁদের দাবি ছিল, এভাবে পরপর ম্যাচ ও দীর্ঘ যাত্রার চাপ খেলোয়াড়দের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। শেষ পর্যন্ত চাপের মুখে ফেডারেশন কোয়ার্টার ফাইনালের সূচি বদলাতে বাধ্য হয়। বাংলার কোয়ার্টার ফাইনালের প্রতিপক্ষ সার্ভিসেস।

তবে সমস্যা পুরোপুরি মেটেনি। ৩ ফেব্রুয়ারির পর সেমি ফাইনাল ৫ ফেব্রুয়ারি, অর্থাৎ কোয়ার্টার জেতা দলগুলো পাবে মাত্র একদিনের প্রস্তুতির সময়। তবুও সূচি বদলকে অন্তত আংশিক স্বস্তি হিসেবেই দেখছেন বাংলার কোচ সঞ্জয় সেন ও তাঁর ফুটবলাররা।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment