দেশের কোটি কোটি চাকুরিজীবীদের জন্য বড় সুখবর। আসতে চলেছে EPFO 3.0। এবার UPI ব্যবহার করেই খুব দ্রুত পাওয়া যাবে পিএফ (প্রভিডেন্ট ফান্ড)-এর টাকা। কর্মচারীদের ভবিষ্যনিধি সংস্থা বা Employees’ Provident Fund Organisation (EPFO) তাদের পরিষেবায় আনতে চলেছে এই বড়সড় ডিজিটাল পরিবর্তন। নতুন ব্যবস্থা EPFO 3.0 চালু হলে PF-এর টাকা তোলার জন্য আর দীর্ঘ অপেক্ষা, কাগজপত্রের জটিলতা বা অফিসে ঘোরাঘুরির প্রয়োজন হবে না। মোবাইলের UPI ব্যবহার করে খুব সহজেই পাওয়া যাবে PF-এর টাকা।
সম্প্রতি শ্রমমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, এই UPI-ভিত্তিক PF তোলার ব্যবস্থার পরীক্ষামূলক কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে শীঘ্রই এটি সাধারণ গ্রাহকদের জন্য চালু করা হবে। এর ফলে দেশের ৭ কোটিরও বেশি EPFO সদস্যরা সরাসরি নিজেদের PF-এর টাকা ব্যবহার করতে পারবেন।
কীভাবে কাজ করবে EPFO 3.0?
নতুন ব্যবস্থায় সদস্যরা UMANG অ্যাপ ব্যবহার করে নিজেদের PF অ্যাকাউন্টে কত টাকা তোলা যাবে তা দেখতে পারবেন। এরপর UPI-এর মাধ্যমে সেই টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা যাবে। এমনকি UPI-সক্ষম ATM থেকেও QR কোড স্ক্যান করে টাকা তোলার সুবিধা পাওয়া যেতে পারে।
বর্তমানে PF-এর টাকা তুলতে আবেদন করার পর অনুমোদন এবং প্রক্রিয়াকরণের জন্য প্রায় ৭-১০ দিন কখনও কখনও তার থেকেও বেশি সময় অপেক্ষা করতে হয়। EPFO 3.0 চালু হলে সেই অপেক্ষার সময় অনেকটাই কমে যাবে এবং অনেক ক্ষেত্রেই টাকা প্রায় সঙ্গে সঙ্গেই পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
এছাড়াও বর্তমানে PF তোলার ক্ষেত্রে অনেক সময়ে কোম্পানি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন এবং বিভিন্ন যাচাইয়ের প্রয়োজন হয়। নতুন ব্যবস্থায় আধার OTP-এর মাধ্যমে পরিচয় যাচাই করে দ্রুত পরিষেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে। ফলে প্রক্রিয়া আরও সহজ এবং স্বচ্ছ হবে।
কত টাকা তোলা যাবে?
নতুন এই ব্যবস্থায় সম্পূর্ণ PF ব্যালান্স তোলা যাবে না। অবসরকালীন সঞ্চয় সুরক্ষিত রাখতে মোট তহবিলের অন্তত ২৫ শতাংশ PF অ্যাকাউন্টে সংরক্ষিত থাকবে। ফলে সদস্যরা তাঁদের ব্যালান্সের ৫০ শতাংশ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত অংশই UPI বা ATM-এর মাধ্যমে তুলতে পারবেন। অ্যাপে স্পষ্টভাবে “Eligible Balance” বা উত্তোলনযোগ্য অর্থের পরিমাণ দেখানো হবে।
উৎপাদিত হবে দৈনিক ১০ লক্ষ কেজি দই, হাওড়ায় মেগা প্ল্যান্ট আমূলের
এই সুবিধা পেতে কী কী শর্ত মানতে হবে?
এই পরিষেবা ব্যবহার করতে হলে গ্রাহকদের অবশ্যই সক্রিয় Universal Account Number (UAN) থাকতে হবে। পাশাপাশি আধার ও PAN নম্বর UAN-এর সঙ্গে যুক্ত এবং যাচাইকৃত হওয়া বাধ্যতামূলক। PF রেকর্ড ও আধার কার্ডে নাম এবং জন্মতারিখের তথ্য সম্পূর্ণ মিলতে হবে।
এছাড়াও PF সংক্রান্ত তথ্যপ্রাপ্তি আরও সহজ করতে একটি হোয়াটসঅ্যাপ চ্যাটবট পরিষেবাও চালু করা হচ্ছে। এর মাধ্যমে সদস্যরা শুধুমাত্র একটি মেসেজ পাঠিয়েই নিজেদের PF ব্যালান্স এবং টাকা তোলার যোগ্যতা সম্পর্কে তথ্য জানতে পারবেন।
পেনশনের ক্ষেত্রে কি কোনও বদল হবে?
EPFO স্পষ্ট করেই জানিয়েছে যে এই নতুন ব্যবস্থা মূলত PF-এর অর্থ তোলার জন্য। কর্মচারীদের পেনশন প্রকল্প বা EPS-এর সুবিধা আগের মতোই থাকবে। PF-এর টাকা তোলার কারণে পেনশন সুবিধা বাতিল হবে না বা চাকরির পরিষেবা রেকর্ড মুছে যাবে না।
সব মিলিয়ে, EPFO 3.0 কার্যকর হলে চাকরিজীবীদের জন্য PF-এর টাকা তোলা আগের তুলনায় অনেক সহজ এবং দ্রুত হয়ে উঠবে।

