একেবারে ৫০ শতাংশ কম! এইভাবেই বাংলাদেশকে কূটনৈতিক পদ্ধতিতে জবাব দিল ভারত। রবিবার পেশ করা হয়েছে ২০২৬-২৭ অর্থবর্ষের কেন্দ্রীয় বাজেট। সেই বাজেটেই এবার বাংলাদেশের জন্য বরাদ্দ কমাল ভারত সরকার। এবছর বাংলাদেশের জন্য বরাদ্দ করা হয়েছে মোট ৬০ কোটি টাকা। গত অর্থবর্ষে এই অঙ্ক ছিল ১২০ কোটি টাকা। অর্থাৎ এক ধাক্কায় বরাদ্দ কমেছে প্রায় ৫০ শতাংশ। মনে করা হচ্ছে, বাংলাদেশে দীর্ঘদিন ধরে চলা সংখ্যালঘুদের ওপর অত্যাচারের জবাব এইভাবে দিল ভারত সরকার। সংখ্যালঘু নির্যাতন নিয়ে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্র। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় ভারত উদ্বেগ প্রকাশ করেছে।

বৃহস্পতিবার বিদেশমন্ত্রক জানায়, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার খবর সরকার নিয়মিত পর্যবেক্ষণ করছে। হামলার মধ্যে রয়েছে বাড়ি, সম্পত্তি, ব্যবসা ও ধর্মীয় স্থান। বিদেশ প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং বলেন, ‘সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে রাজনৈতিক ও কূটনৈতিক স্তরে বারবার তোলা হয়েছে।’
এমনকি ২০২৫ সালের ৪ এপ্রিল বাংলাদেশের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের(Muhammad Yunus) সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই বৈঠকেও এই বিষয়টি নিয়ে আলোকপাত করেন প্রধানমন্ত্রী। কিন্তু তার পরেও ছবিতে কোনও বদল হয়নি। এটা নিয়ে বিদেশমন্ত্রক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ভূমিকার সমালোচনা করেছে।
আবার অন্যদিকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ। প্রসঙ্গত, ২০২৪ সালে মিশরে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে সাক্ষাৎ করেন ইউনূস। সেই বৈঠকে ১৯৭১ সালের যুদ্ধসংক্রান্ত অমীমাংসিত বিষয় মেটানোর কথা বলেন তিনি। দুই দেশ কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা ফ্রি ট্রাভেলের কথা বলা হয়েছে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যৌথ অর্থনৈতিক কমিশন পুনরুজ্জীবনের।
তার পাশাপাশি বলা হয়েছে নতুন বাণিজ্য ও বিনিয়োগ কমিশনও গঠনের কথা। জলপথে দুই দেশের সম্পর্ক মজবুত হয়েছে। চালু করা হয়েছে দুই দেশের মধ্যে সরাসরি কার্গো জাহাজ চলাচল। খুব শীঘ্রই সরাসরি বিমান পরিষেবাও চালু হবে। পাকিস্তানের ফ্লাই জিন্না (Fly Jinnah) ও এয়ার সিয়াল (Air Sial) এই পরিষেবা দেবে। এই পরিস্থিতির কারণে ২০২৪ সাল থেকে ক্রমশ অবনতির দিকে এগিয়েছে ভারত-বাংলাদেশ সম্পর্ক। তারপর বারংবার বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, ভারত বিরোধী মন্তব্য। সবকিছুর জবাবেই এই বর্ষের কেন্দ্রীয় অর্থ বাজেট।











