যুদ্ধের আতঙ্কের জেরে কলকাতায় বেড়েছে রান্নার গ্যাসের চাহিদা। এলপিজি-র দাম বাড়লেও পাল্লা দিয়ে বেড়েছে চাহিদা। এই হঠাৎ অতিরিক্ত বুকিং আটকাতে ভারতের তেল বিপণন সংস্থাগুলি চালু করেছে নতুন নিয়ম। শুক্রবার থেকে কার্যকর করা হয়েছে এলপিজি রিফিল বুকিং-এর মধ্যে ২১ দিনের লক- ইন পিরিয়ড। অর্থাৎ, একটি বুকিং এর পর পরবর্তী বুকিংয়ের জন্য ২১ দিন অপেক্ষা করতে হবে। (LPG Booking)
পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়েছে। যার দরুন অনেকেই রান্নার গ্যাস কিনে ঘরে মজুত করে রাখছেন। অতিরিক্ত বুকিং আটকাতেই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এবং ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড সহ প্রধান তেল কোম্পানিগুলি রান্নার গ্যাসের ক্ষেত্রে চালু করেছে এই নিয়ম।
ডিলার সমিতিগুলির মতে এই অতিরিক্ত বুকিং-এর জন্য গ্যাসের স্বাভাবিক পরিষেবা ব্যাহত হতে পারে। তেল বিপণন সংস্থার প্রতিনিধিরা জানিয়েছেন, সিলিন্ডারের অযাচিত মজুদ রোধ করার জন্যই এই নিয়ম লাগু করা হয়েছে। তাদের উদ্দেশ্য গ্যাসের সরবরাহ যেন শৃঙ্খল ও স্থিতিশীল থাকে। ( LPG Booking)
গত কয়েকদিনে তীব্রভাবে বেড়েছে সিলিন্ডারের বুকিং। শুক্রবার কলকাতা, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে একদিনে প্রায় ১.৫ লক্ষ বুকিং হয়েছে। যা সত্যিই একটি রেকর্ড। সাধারণত দৈনিক বুকিং-এর সংখ্যা ১ লক্ষ। সুতরাং বোঝাই যাচ্ছে অল্প সময় উল্লেখযোগ্য ভাবে সিলিন্ডারে চাহিদা বৃদ্ধি পেয়েছে।
তবে তেল বিপণন সংস্থাগুলি আশ্বস্ত করেছে, সিলিন্ডারের কোনও ঘাটতি নেই। সরবরাহ ব্যবস্থাও কাজ করছে স্বাভাবিকভাবে। সুতরাং অযথা ভয় পাওয়ার কোনও কারণ নেই।












