Site icon Hindustan News Point

রেল স্টেশনে ব্যবসার সুযোগ, শিয়ালদহ ডিভিশনের ৮৪ টি স্টেশনে স্টলের জন্য শুরু আবেদন

One Station One Product

রাজ্যে হকার উচ্ছেদ নিয়ে যখন চারিদিকে ধুন্ধুমার, ঠিক সেই সময়েই ছোট ব্যবসায়ী, কারিগর এবং স্বনির্ভর গোষ্ঠীগুলির জন্য ব্যবসা করার বড় সুযোগ নিয়ে এল পূর্ব রেল। শিয়ালদহ ডিভিশনের আওতাধীন ৮৪টি রেল স্টেশনে ‘এক স্টেশন এক পণ্য’ (One Station One Product) প্রকল্পের অধীনে স্টল বরাদ্দের জন্য আবেদনপত্র জমা দেওয়ার করছে রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূর্ব রেল। ফলে যাঁরা রেল স্টেশনে নিজের ব্যবসা শুরু করতে চান, তাঁদের জন্য এটি একটি বড় সুযোগ হতে পারে।

কেন এই প্রকল্পের সূচনা?

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো বিভিন্ন জেলার স্থানীয় এবং ঐতিহ্যবাহী পণ্যকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে দেওয়া। প্রতিদিন হাজার হাজার যাত্রী যাতায়াত করেন এমন রেল স্টেশনগুলিকে বিক্রির উপযুক্ত জায়গা হিসেবে ব্যবহার করে স্থানীয় উৎপাদক, শিল্পী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের নতুন বাজার তৈরি করে দেওয়ার লক্ষ্য নিয়েছে পূর্ব রেল।

কারা করতে পারবেন আবেদন?

এই প্রকল্পে আবেদন করতে পারবেন স্বনির্ভর গোষ্ঠী (SHG), ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প সংস্থা (MSME), বিভিন্ন কারিগর, শিল্পী এবং সমাজের আর্থিকভাবে দুর্বল শ্রেণির মানুষ। নির্দিষ্ট সময়ের জন্য তাঁদের স্টল বরাদ্দ করা হবে, যেখানে তাঁরা নিজেদের তৈরি বা স্থানীয় বিশেষ পণ্য বিক্রি করতে পারবেন। (One Station One Product)

আবেদন ফি, জমা দেওয়ার শেষ তারিখ

আবেদনের জন্য নির্দিষ্ট ফি-ও ধার্য করেছে রেল। ৩০ দিনের জন্য স্টল নিতে হলে ফি বাবদ দিতে হবে ২,০০০ টাকা। আর ৯০ দিনের জন্য স্টল বরাদ্দ চাইলে দিতে হবে ৬,০০০ টাকা। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ২৮ জুলাই ২০২৬, দুপুর ৩টে পর্যন্ত। নির্ধারিত সময়ের পরে জমা পড়া আবেদন গ্রহণ করা হবে না।

আগ্রহী আবেদনকারীরা প্রয়োজনীয় নথিপত্র-সহ শিয়ালদহ ডিভিশনের ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজারের অফিসে অথবা সংশ্লিষ্ট স্টেশন ম্যানেজারের কাছে আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদন করার আগে সমস্ত শর্ত ও প্রয়োজনীয় নথি সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে রেল।

আর কী কী সুবিধা মিলবে?

স্টল বরাদ্দের ক্ষেত্রে নির্বাচিত আবেদনকারীদের জন্য প্রাথমিক পরিকাঠামোর ব্যবস্থাও করবে রেল কর্তৃপক্ষই। পাশাপাশি নির্দিষ্ট ইউনিটের সীমা পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারের সুবিধাও দেওয়া হবে। যদি কোনও স্টলের জন্য একাধিক আবেদন জমা পড়ে, তাহলে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে লটারির মাধ্যমে চূড়ান্ত আবেদনকারী নির্বাচন করা হবে।

পূর্ব রেলের এই উদ্যোগের ফলে একদিকে যেমন স্থানীয় শিল্প ও হস্তশিল্পের বাজার আরও বড় হবে, তেমনই ক্ষুদ্র ব্যবসায়ী, স্বনির্ভর গোষ্ঠী এবং কারিগরদের জন্য নতুন আয়ের সুযোগ তৈরি হবে বলেই মনে করছে রেল কর্তৃপক্ষ। রেল স্টেশনের মতো ব্যস্ত জায়গায় ব্যবসা করার এই সুযোগ অনেকের কাছেই নতুন সম্ভাবনার দরজা খুলে দিতে পারে। (One Station One Product)

ব্যাঙ্কের জমা না বাড়লে ঋণ দেবে কীভাবে?


Exit mobile version