বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই করল ‘Oracle’। ভারত, আমেরিকা সহ একাধিক অফিসে কর্মী ছাঁটাই করেছে এই সংস্থা। রাতারাতি ৩০ হাজার কর্মীকে ছাঁটাই করল মার্কিন টেক জায়ান্ট ওরাকেল (Oracle)। কিন্তু এই গণছাঁটাইয়ের কারণ কী?
একটি রিপোর্টে জানা গেছে, সবচেয়ে বেশি করে প্রভাব পড়েছে ভারত ও মেক্সিকোয়। ভারতে সংখ্যাটা ১২ হাজারের কাছাকাছি।
বুধবার ভোর ৬টায় কর্মীদের কাছে ইমেল যায়। রাতারাতি কর্মীদের ছাঁটাই করে ওই সংস্থা। কিন্তু এই ছাঁটাইয়ের নেপথ্যে সঠিক কারণ কী? এর নেপথ্যে রয়েছে AI। কৃত্রিম বুদ্ধিমত্তাই এখন এই সংস্থার ক্রমবর্ধমান নির্ভরতা বাড়িয়ে তুলেছে। কৃত্রিম মেধার কাছে গুরুত্ব হারাচ্ছেন একজন রক্তমাংসের কর্মী। এআই একাই অসংখ্য কর্মীর কাজ করে দিচ্ছে ও দেবে বলেই মনে করছে এই সংস্থা। সংস্থা কর্মীদের জানিয়েছে, ছাঁটাই করা হলেও কর্মীদের আর্থিক প্যাকেজ দেওয়া হবে।
সংস্থা আপাতত তাদের এআই সম্পর্কিত ক্ষেত্রকে ঢেলে সাজাতে চাইছে। তারা বহুদিন ধরেই তাদের কাঠামোগত কিছু পরিবর্তনের জেরে বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করে চলেছে। এর ফলে সংস্থা বিপুল অর্থ সাশ্রয় করছে। যা কাজে লাগিয়ে তারা এআই ডেটা সেন্টারের কাজে বিনিয়োগ করবে বলে দাবি করা হচ্ছে একাধিক মহলে। সূত্রের খবর, ইতিমধ্যেই এই সংস্থার মাথায় ৫৮ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ রয়েছে।
এআই-এর খরচ হিসাবে প্রাথমিক বিনিয়োগ ছাড়াও (Oracle) বছরে ৬.৯ বিলিয়ন থেকে ৫০ বিলিয়ান অবধি খরচ হতে পারে বলে জানা গিয়েছে। ওয়াকিবহাল মহলের বক্তব্য, এই বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগের কারণেই কোম্পানিটি কর্মী ছাঁটাই-সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যয় সংকোচের পথে হাঁটল।

