Site icon Hindustan News Point

চাকরি পাবেন ৫০ হাজার জন, বাংলায় ডবল ইঞ্জিন সরকার আসতেই ধামাকা ঘোষণা

Rashmi Group

রাজ্যে পালাবদলের পরই এবার বাংলায় বিপুল অঙ্কের অর্থলগ্নি করতে চলেছে রশ্মি গোষ্ঠী (Rashmi Group)। ইস্পাত, বিদ্যুৎ এবং খনন শিল্পে টাকা ঢালবে এই গোষ্ঠী। শুক্রবার এই গোষ্ঠীর জয়েন্ট প্রেসিডেন্ট লাল বাবু চৌরাসিয়া বলেন, ‘এ রাজ্যের খড়্গপুর এবং ঝাড়গ্রামে আমাদের দু’টি ইস্পাত কারখানা রয়েছে। ওই দুই কারখানায় উৎপাদন ক্ষমতা বাড়ানোর পাশাপাশি পুরুলিয়া এবং জামুড়িয়ায় আরও দু’টি নতুন ইস্পাত কারখানা গড়ে তোলা হবে। ইস্পাত উৎপাদনের জন্য ৩০ হাজার কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া বীরভূম ও পশ্চিম বর্ধমানে তিনটি কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের জন্য ৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করা হবে।’

সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই বহুমুখী এই গোষ্ঠীটি জানিয়েছে যে, তাদের লোহা ও ইস্পাত উৎপাদন ক্ষমতা বছরে অতিরিক্ত ৭০ লক্ষ টন (এমটিপিএ) বাড়ানোর জন্য ৩০,০০০ কোটি টাকারও বেশি বিনিয়োগ করা হবে। সেইসঙ্গে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় অধিগ্রহণ করা তিনটি কয়লা খনি চালু করার জন্য আরও ৫,০০০ কোটি টাকা ব্যয় করা হবে।

২০২৫ সালের অক্টোবরে, রশ্মি গ্রুপ পুরুলিয়া জেলায় ১০,০০০ কোটি টাকা বিনিয়োগে একটি ২.৮ মিলিয়ন টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন সমন্বিত ইস্পাত কারখানা এবং একটি ৪০০ মেগাওয়াট নিজস্ব বিদ্যুৎ প্রকল্প স্থাপনের পরিকল্পনা ঘোষণা করে। তৎকালীন রাজ্যসরকার এই প্রকল্পের জন্য প্রায় ৯৩৮ একর জমি অবধি বরাদ্দ করেছিল। তবে এদিন তারা এই বিষয়ে স্পষ্ট করে কিছু জানায়নি। মনে করা হচ্ছে, সরকার বদলের পর তারা এরাজ্যে আরও করে অর্থ বিনিয়োগ করতে চায়। তাদের এই উদ্যোগের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে নতুন ৫০ হাজার কর্মসংস্থান হবে বলে দাবি সংস্থার।

লাল বাবু চৌরাসিয়া বলেন, ‘রাজ্যের নতুন সরকার বিনিয়োগের উন্নত পরিবেশ এবং শিল্প সহায়ক নীতি তৈরি করবে বলেই আমাদের আশা।’ প্রসঙ্গত, দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে এ রাজ্যের শিল্পোন্নয়নের সঙ্গে যুক্ত রশ্মি গোষ্ঠী ইতিমধ্যেই রাজ্যে প্রায় ২৫ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে।

সূত্রের খবর, রশ্মি গ্রুপ বিনিয়োগের জন্য পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর জেলাকে বেছে নিতে পারে। সবথেকে বড় কথা, এই বিনিয়োগের ফলে বিপুল কর্মসংস্থান তৈরি হবে।


Exit mobile version