Site icon Hindustan News Point

TRAI Spectrum: Jio, Airtel, VI-এর দিন শেষ, বাজারে আসছে নতুন সংস্থা? বড় উদ্যোগ সরকারের

trai spectrum

দেশের টেলিকম পরিষেবা দীর্ঘদিন ধরেই কার্যত হাতে গোনা তিন-চারটি সংস্থার মধ্যেই সীমাবদ্ধ। ফলে বাজারে প্রতিযোগিতা বাড়ানো এবং নতুন সংস্থাকে আকৃষ্ট করার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল টেলিকম নিয়ন্ত্রক সংস্থা ট্রাই (TRAI)। সূত্রের খবর, আসন্ন 5G স্পেকট্রাম নিলামকে আরও আকর্ষণীয় করতে স্পেকট্রামের ন্যূনতম মূল্য উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে (TRAI Spectrum)। কিছু ক্ষেত্রে এই দাম কমানো হয়েছে সর্বোচ্চ ৩৭ শতাংশ পর্যন্ত, যাতে নতুন টেলিকম সংস্থাগুলিও নিলামে অংশ নিতে উৎসাহ পায়।

বিশেষজ্ঞদের একাংশের মতে, দেশে টেলিকম পরিষেবা প্রদানকারীর সংখ্যা সীমিত হওয়ায় বাজারে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে উঠছিল। বিশেষ করে ভোডাফোন আইডিয়ার আর্থিক সংকট সামনে আসার পর বিষয়টি আরও স্পষ্ট হয়। গ্রাহকদের স্বার্থ রক্ষা এবং প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখতে অন্তত তিন বা তার বেশি শক্তিশালী সংস্থার উপস্থিতি জরুরি বলেই মনে করছে কেন্দ্র। সেই কারণেই নতুন খেলোয়াড়দের প্রবেশের পথ সহজ করার চেষ্টা চলছে।

আরও বাড়ল ভারতের শক্তি, স্বদেশি UPI ব্যবহার করবে ইজরায়েলও

অন্যদিকে, কিছু মহলের দাবি— সরকারের রাজস্ব বাড়ানোর লক্ষ্যও এই সিদ্ধান্তের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অতীতে উচ্চমূল্যের কারণে স্পেকট্রাম নিলামে পর্যাপ্ত সাড়া মেলেনি। ফলে দাম কমিয়ে অংশগ্রহণ বাড়ানোর কৌশল নেওয়া হয়েছে।

জানা গিয়েছে, বিভিন্ন ফ্রিকোয়েন্সি ব্যান্ড অনুযায়ী স্পেকট্রামের মূল্য হ্রাসের হার আলাদা— কোথাও ৭ শতাংশ, আবার কোথাও ৩৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। মোট প্রায় ১২ হাজার মেগাহার্টজ স্পেকট্রাম, যা ৯টি পৃথক ব্যান্ডে বিভক্ত, নিলামে তোলা হবে। অনুমান করা হচ্ছে, এই নিলাম থেকে সরকারের কোষাগারে প্রায় ২.৫ লক্ষ কোটি টাকা আসতে পারে।

এছাড়াও ট্রাই টেলিকম দফতরকে পরামর্শ দিয়েছে এয়ারসেল ও টাটা টেলিকমের মতো সংস্থার অব্যবহৃত স্পেকট্রাম ফিরিয়ে এনে পুনরায় নিলামে তোলার। সরকারের লক্ষ্য, আগামী দিনে দেশে 5G পরিষেবাকে আরও শক্তিশালী, সাশ্রয়ী এবং প্রতিযোগিতামূলক করে তোলা।


Exit mobile version