Site icon Hindustan News Point

Hormuz প্রণালীর ‘ইরানি’ বাধা এড়াতে নয়া কৌশল ট্রাম্পের, যুদ্ধজাহাজ পাঠাতে দেশগুলিকে আহ্বান, প্রতিক্রিয়া দিয়েছে চিন

trump warships hormuz china response

বিশ্বের জ্বালানি বাজারের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ (Hormuz) প্রণালী। তা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে ইরান। কিন্তু কিছুতেই ইরানের বাধাকে টপকাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই এবার ইরানকে শিক্ষা দিতে নয়া কৌশল মার্কি প্রেসিডেন্টের। সেখানে বিভিন্ন দেশ থেকে যুদ্ধজাহাজ পাঠানোর অনুরোধ ট্রাম্পের। তাঁর আশা, বিশ্বের অনেক দেশই এই সমুদ্রপথ খোলা ও নিরাপদ রাখতে আমেরিকার সঙ্গে মিলিতভাবে পদক্ষেপ করবে। ট্রাম্পের আবেদনে সাড়া দিয়ে আগ্রহ প্রকাশ করেছে একাধিক দেশ।

ট্রাম্প সমাজ মাধ্যমে বলেন, ইরানের হুমকির জেরে হরমুজ (Hormuz) প্রণালীতে জাহাজ চলাচলে বাধা হয়ে হয়ে দাঁড়িয়েছে। জ্বালানির জন্য এই জলপথের উপর অনেকটাই নির্ভরশীল— চিন, ব্রিটেন, ফ্রান্স, জাপান এবং দক্ষিণ কোরিয়া-সহ আরও বেশ কিছু দেশ।

এদিকে ট্রাম্পের মন্তব্যের পর চিন তুলনামূলক নরম সুরেই প্রতিক্রিয়া জানিয়েছে। বেইজিং জানিয়েছে, তারা এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার পক্ষেই রয়েছে। নিজেদের ‘একজন আন্তরিক বন্ধু’ হিসেবেই তুলে ধরে চিন বলেছে, পরিস্থিতি আরও উত্তপ্ত না করে আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান খোঁজা উচিত।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, প্রণালীর আশপাশে আমেরিকার সামরিক তৎপরতা জারি রয়েছে। প্রয়োজনে ইরানের নৌকা বা সন্দেহজনক জাহাজকে লক্ষ্য করে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। তাঁর দাবি, যে কোনও পরিস্থিতিতেই হরমুজ (Hormuz) প্রণালী খোলা রাখার চেষ্টা করবে যুক্তরাষ্ট্র।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণের পথ এই হরমুজ (Hormuz) প্রণালী। পশ্চিম এশিয়ার বিপুল পরিমাণ তেল এই পথ দিয়েই বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছায়। ফলে এখানে উত্তেজনা বাড়লে তার প্রভাব পড়তে পারে আন্তর্জাতিক তেলবাজার ও বিশ্ব অর্থনীতির উপরও।


Exit mobile version