Site icon Hindustan News Point

UPI in Israel: আরও বাড়ল ভারতের শক্তি, স্বদেশি UPI ব্যবহার করবে ইজরায়েলও

upi in israel

ইজ়রায়েল সফর শেষে ভারত–ইজ়রায়েল সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (India Israel)। দু’দিনের এই গুরুত্বপূর্ণ সফরের শেষে তিনি ঘোষণা করেন, খুব শীঘ্রই ইজ়রায়েলেও চালু হতে চলেছে ভারতের জনপ্রিয় ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ইউপিআই (UPI in Israel)। দুই দেশের মধ্যে এ সংক্রান্ত সমঝোতা ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। এর ফলে ভারত ও ইজ়রায়েলের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সংযোগ আরও মজবুত হবে বলেই মনে করা হচ্ছে।

ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে মোদী স্পষ্ট জানান, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত সবসময় ইজ়রায়েলের পাশে রয়েছে। তিনি বলেন, বিশ্বে সন্ত্রাসবাদের কোনও স্থান নেই এবং শান্তি প্রতিষ্ঠাই দুই দেশের মূল লক্ষ্য। একই সঙ্গে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) দ্রুত চূড়ান্ত করার আশ্বাস দেন ভারতীয় প্রধানমন্ত্রী। এই চুক্তি কার্যকর হলে বাণিজ্য, প্রযুক্তি, কৃষি, চিকিৎসা পরিষেবা, যন্ত্র ও রাসায়নিক শিল্পে সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বাড়বে।

সফর চলাকালীন প্রযুক্তি ও প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত একাধিক সমঝোতা স্মারকেও সই হয়েছে। মোদীর উপস্থিতিতে দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘বন্ধুত্বের থেকেও বেশি’ বলে উল্লেখ করেন নেতানিয়াহু। তিনি মোদীকে নিজের “ভাই” বলেও সম্বোধন করেন। পরে নেতানিয়াহুকে ভারত সফরের আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

এই সফরের অন্যতম তাৎপর্যপূর্ণ মুহূর্ত ছিল হলোকস্ট স্মৃতিসৌধ ইয়াদ ভাশেমে মোদীর শ্রদ্ধার্ঘ্য নিবেদন। নাৎসি গণহত্যায় নিহত প্রায় ৬০ লক্ষ ইহুদির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে তিনি শান্তি ও মানবিক মূল্যবোধ রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

এছাড়া ইজ়রায়েলি পার্লামেন্ট ‘নেসেট’-এর সর্বোচ্চ সম্মান ‘স্পিকার অফ দ্য নেসেট মেডেল’ পান মোদী, যা কোনও ভারতীয় রাষ্ট্রনেতার ক্ষেত্রে প্রথম। আগামী মে মাসে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে দ্বিতীয় দফার বৈঠকে বসবে দুই দেশ। সব মিলিয়ে মোদীর এই সফর ভারত–ইজ়রায়েল কৌশলগত সম্পর্কের নতুন অধ্যায় সূচনা করল বলেই মত কূটনৈতিক মহলের।


Exit mobile version