ইরান হরমুজ প্রণালী বন্ধ করার পর থেকে গোটা বিশ্বে তেল সরবরাহ নিয়ে সমস্যায় বেড়েছে। এই পরিস্থিতিতেই এবার রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতকে সাময়িক ছাড়পত্র দিল আমেরিকা। আপাতত নির্দিষ্ট সময়ের জন্য এই অনুমতি দেওয়া হয়েছে, যাতে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহে বড় ধাক্কা না লাগে। (Russian Oil Waiver)
আমেরিকার তরফে জানানো হয়েছে, ভারতকে মোট ৩০ দিনের জন্য রাশিয়া থেকে তেল আমদানির অনুমতি দেওয়া হয়েছে। ৫ মার্চ থেকে এই সময়সীমা শুরু হয়েছে এবং ৩ এপ্রিল পর্যন্ত রাশিয়ার কাছ থেকে তেল কিনতে পারবে ভারত। এই সিদ্ধান্তের কথা প্রথমে জানান আমেরিকার ট্রেজারি বিভাগের কর্তা স্কট বেনেট। সমাজমাধ্যমে করা এক পোস্টে তিনি জানান, বিশ্ববাজারে তেলের জোগান স্বাভাবিক রাখতে এই সাময়িক অনুমতি দেওয়া হয়েছে। (Russian Oil Waiver)
এর আগে রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল আমেরিকা। সেই আবহেই রাশিয়া থেকে তেল কেনা নিয়ে অনেক দেশের মধ্যেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। ভারতও পরিস্থিতির দিকে নজর রাখছিল। অন্য দিকে, রাশিয়া আগেই জানিয়েছিল যে ভারতের প্রয়োজন হলে তারা তেল সরবরাহ করতে প্রস্তুত। (Russian Oil Waiver)
এদিকে কেন্দ্রের তরফে সম্প্রতি জানানো হয়েছিল, দেশের ভান্ডারে প্রায় পঁচিশ দিনের পরিশোধিত এবং অপরিশোধিত তেলের মজুত রয়েছে। তবে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকলে এবং গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে চলাচল ব্যাহত হলে তেলের জোগানে চাপ পড়তে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছিল। (Russian Oil Waiver)
এই পরিস্থিতিতেই রাশিয়া থেকে তেল কেনার ক্ষেত্রে ভারতের জন্য সাময়িক ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত সামনে এসেছে। তবে এই ঘটনাকে ঘিরে প্রশ্নও উঠতে শুরু করেছে। প্রশ্ন উঠছে, কে এই ডোনাল্ড ট্রাম্প, যিনি অন্য একটি সার্বভৌম দেশের তেল কেনার উপর ছাড়পত্র দেন? ভারত কি তবে এমন অবস্থায় পৌঁছেছে যে তাকে অন্য দেশের অনুমতির দিকে তাকিয়ে থাকতে হয়? এই প্রশ্নই এখন রাজনৈতিক মহলে ঘুরপাক খাচ্ছে। (Russian Oil Waiver)












