Site icon Hindustan News Point

নেপথ্যে ‘ডিম থেরাপি’? কেন বাড়ছে ডিমের দাম? প্রকাশ্যে কারণ

Egg Price Hike

চারদিকে এখন ডিম নিয়ে হৈ হৈ রব। মিড ডে মিলে ডিম বিতর্ক, আবার রাস্তায় নেতা মন্ত্রীদের দেখলেই ডিম ছোঁড়া সব মিলিয়ে ডিমের চাহিদা এখন তুঙ্গে। আর চাহিদা বাড়তেই বেড়েছে ডিমের দামও। সাধারণ মানুষের পকেটে পড়ছে টান। তবে হঠাৎ কেন বাড়ল দাম? এই পরিস্থিতির কারণ ব্যাখ্যা করল ন্যাশনাল এগ কো-অর্ডিনেশন কমিটি (NECC)-র নামাক্কাল জোন। (Egg Price Hike)

বৃহস্পতিবার সংস্থার উদ্যোগে লেয়ার মুরগির খামার মালিক, ডিম উৎপাদক এবং বিভিন্ন পদাধিকারীদের নিয়ে একটি বৈঠক হয়। সেখানে বর্তমান বাজার পরিস্থিতি এবং পোলট্রি শিল্পের সামনে থাকা নানা সমস্যার দিক তুলে ধরা হয়।

বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন NECC-র চেয়ারম্যান কে সিঙ্গারাজ। তিনি জানান, ডিমের দাম বাড়ার সবচেয়ে বড় কারণ হলো উৎপাদন খরচের লাগামছাড়া বৃদ্ধি। মুরগির খাবারের প্রধান উপাদান ভুট্টা ও সয়াবিনের দাম অনেকটাই বেড়ে গিয়েছে। এর পাশাপাশি পরিবহণ খরচ, শ্রমিকের মজুরি এবং খামার রক্ষণাবেক্ষণের ব্যয়ও আগের তুলনায় অনেক বেশি। ফলে ডিম উৎপাদন এখন আগের চেয়ে অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে।

তিনি আরও জানান, নামাক্কাল অঞ্চলের অনেক পোলট্রি খামারই পুরনো হয়ে গিয়েছে। সেগুলিকে সচল রাখতে নিয়মিত মেরামত ও সংস্কারের জন্য বড় অঙ্কের বিনিয়োগ করতে হচ্ছে। তাঁর দাবি, এই মূল্যবৃদ্ধির বাজারে একটি ডিমের দাম অন্তত ৭ টাকা না হলে এই ব্যবসার সঙ্গে যুক্ত কর্মীরা তাঁদের ন্যায্য পারিশ্রমিক পাবেন না। (Egg Price Hike)

সিঙ্গারাজ বলেন, এছাড়াও মুরগির রোগের সংক্রমণ ঠেকাতে নামাক্কালের সমস্ত পোলট্রি খামারে নির্ধারিত বায়োসিকিউরিটি বা জৈব-নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলা হচ্ছে। খামারে ঢোকার আগে গাড়ি ও ব্যক্তিদের জীবাণুমুক্ত করা হচ্ছে। এছাড়া মৃত পাখিগুলিকে সরকারি নির্দেশিকা অনুযায়ী অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

Zomato-Swiggy তে কাজ করলেও মিলবে PF, বড় পরিকল্পনা EPFO-র

তবে শুধু উৎপাদন খরচই নয়, জলসংকটও এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। প্রচণ্ড গরমে মুরগিদের সুস্থ রাখতে পর্যাপ্ত পানীয় জল এবং নিয়মিত জল ছিটিয়ে ঠান্ডা রাখার ব্যবস্থা করতে হয়। কিন্তু বর্ষায় বৃষ্টির পরিমাণ কম হওয়ার কারণে জলাশয় ও জলের উৎস শুকিয়ে যাওয়ায় অনেক খামারিকে এখন লরিতে করে জল কিনে আনতে হচ্ছে। এতে খরচ আরও বেড়ে যাচ্ছে।

এদিকে দীর্ঘদিনের তাপপ্রবাহের জেরে নামাক্কাল অঞ্চলে ডিমের উৎপাদনও কমে গিয়েছে। কিন্তু সরবরাহ কমলেও বাজারে চাহিদা একই রকম রয়েছে। এর প্রভাবও পড়ছে ডিমের দামে। তবে NECC-র চেয়ারম্যান জানান, শুধু তামিলনাড়ুতেই নয়, দেশের অন্য রাজ্যগুলিতেও পোল্ট্রি ডিমের দাম ৭ টাকার বেশি হয়েছে। আগামীতেও দাম বাড়ার আশঙ্কা থেকেই যাচ্ছে। (Egg Price Hike)


Exit mobile version