বলিউডে কান পাতলেই শোনা যায় একের পর এক বিতর্ক। তবে বিতর্ক থাকলেও বহু তারকাদের বন্ধুত্ব বহু বছর ধরে অটুট। কিছুদিন আদেই ৯ কোটি টাকার চেক বাউন্স কেসে ফেঁসে তিহার জেলে ছিলেন রাজপাল যাদব। এবার রাজপালের ঘটনা নিয়ে মুখ খুললেন অক্ষয় কুমার। আর সেই নিয়ে কথা বলতে গিয়েই টেনে আনলেন প্রয়াত অভিনেতা আসরানির প্রসঙ্গ।
অন্তর্বর্তীকালীন জামিনে তিহাড় জেল থেকে মুক্তি পাওয়ার পর লাইট, ক্যামেরা, অ্যাকশনের দুনিয়াতেও ফিরেছেন অভিনেতা। রাজপাল বর্তমানে অক্ষয় কুমারের (Akshay kumar) সঙ্গে তাঁর আসন্ন সিনেমা ‘ভূত বাংলা’র প্রচারে ব্যস্ত। সেই ছবির প্রোমোশনের মাঝেই এবার জেলফেরত বন্ধু, সহ-অভিনেতাকে বড় উপদেশ দিলেন ‘খিলাড়ি’। ভূত বাংলা’র প্রচারে প্রয়াত আসরানির তরফে পাওয়া এক মূল্যবান উপদেশের কথা বলছিলেন অক্ষয় কুমার। সেসময়েই রাজপালের কোটি টাকার চেক বাউন্স মামলার প্রসঙ্গ উত্থাপন করা হয়। কথায় কথায় খিলাড়ি বলেন, ‘আসরানি সাব যে উপদেশ দিয়েছিলেন, এই বিষয়েও সেটা ভীষণই প্রাসঙ্গিক। আমি রাজপালকেও সেই কথাই বলছিলাম যে, কোনওদিন প্রযোজক হতে যেও না। কারণ আমরা অভিনেতা। কীভাবে ছবি প্রযোজনা করতে হয় সেই স্ট্র্যাটেজি শুধুমাত্র প্রযোজকরাই খুব ভালো জানেন। তাই সেই কৌশল রপ্ত না করে প্রযোজক হওয়ার চেষ্টা করা উচিত নয়। কেউ যদি অভিনেতা হন, তাহলে সেই সত্ত্বাই ধরে রাখা উচিত। তাড়াহুড়ো করে শর্টকাটের মাধ্যমে টাকা কামানোর কথা ভুলেও ভাবতে যেও না।’
এখানেই অবশ্য থামেননি ‘খিলাড়ি’(Akshay kumar)। জেলফেরত অভিনেতার উদ্দেশে অক্ষয়ের সংযোজন, ‘আশা করি, রাজপাল এই পরিস্থিতি থেকে পুরোপুরি বেরিয়ে আসবে। ও অসাধারণ একজন অভিনেতা। কারণ ওঁর মধ্যে একটা গুণ রয়েছে। কোনও অভিনেতা যদি ১০০ শতাংশ চেষ্টা করেন, রাজপাল সেটাই ১২০-১৪০ শতাংশ উজাড় করে দেন। তাই রাজপাল যাদবের সঙ্গে কাজ করাটা বরাবরই খুব মজার। আমাদের খুনসুঁটিও এতটাই স্বাভাবিক যে কখনও কখনও তো চিত্রনাট্যেও কিছু সংলাপ লেখা থাকে না। আমাদের নিজস্ব ইম্প্রোভাইজেশনই পছন্দ হয়ে যায় প্রিয়দর্শনের।’ উল্লেখ্য, ‘হেরা ফেরি’, ‘ভুল ভুলাইয়া’, ‘ভাগম ভাগ’-সহ খিলাড়ির একাধিক সিনেমায় একসঙ্গে কাজ করেছন অক্ষয় কুমার ও রাজপাল যাদব।

