Site icon Hindustan News Point

পা পড়ত না মাটিতে, শ্যুটিংয়ে হেলিকপ্টারে করেই যাতায়াত করতেন অক্ষয়

Akshay Kumar

বলিউডের শুটিং ফ্লোরে নানা মজার ঘটনা প্রায়ই সামনে আসে। এবার অভিনেতা অক্ষয় কুমারকে নিয়ে এমনই এক অজানা তথ্য প্রকাশ করলেন পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান। প্রায় ১৬ বছর আগে মুক্তিপ্রাপ্ত ‘তিস মার খান’ ছবির শুটিংয়ের স্মৃতি রোমন্থন করতে গিয়ে তিনি জানান, অক্ষয় কুমার নাকি প্রতিদিন হেলিকপ্টারে করে শুটিংয়ে যেতেন। এমনকি হেলিকপ্টারকে তিনি কার্যত ট্যাক্সির মতোই ব্যবহার করতেন বলে রসিকতাও করেন ফারাহ। (Akshay Kumar)

সম্প্রতি আসন্ন ছবি ‘ভূত বাংলো’-র প্রচারের একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক প্রিয়দর্শন, অভিনেতা অক্ষয় কুমার, রাজপাল যাদব এবং ফারাহ খান। সেখানেই পুরনো দিনের শুটিংয়ের নানা অভিজ্ঞতা ভাগ করে নেন তাঁরা। কথোপকথনের এক পর্যায়ে ফারাহ জানান, ‘তিস মার খান’-এর শুটিং হয়েছিল মহারাষ্ট্রের মালশেজ ঘাট এলাকায়। প্রতিদিন সকাল ৮টায় শুটিং শুরু হওয়ার কথা থাকত। মুম্বই থেকে সেই লোকেশনের দূরত্ব ছিল সড়কপথে প্রায় আড়াই ঘণ্টা। তাই ইউনিটের প্রায় সকলেই শুটিং স্পটের কাছেই থাকতেন। (Akshay Kumar)

কিন্তু অক্ষয় কুমার প্রতিদিন শুটিং শেষ করে মুম্বইয়ে নিজের বাড়িতে ফিরে যেতেন এবং পরদিন সকাল ৭টা ৪৫ মিনিটের মধ্যেই সেটে হাজির হয়ে যেতেন। এই কথা শুনে বিস্মিত হয়ে যান রাজপাল যাদব। পরে অক্ষয় নিজেই জানান, তিনি হেলিকপ্টারে করে যাতায়াত করতেন। ফারাহ মজার ছলে বলেন, জীবনে এই প্রথম তিনি এমন একজন অভিনেতাকে দেখেছেন, যিনি হেলিকপ্টারকে ট্যাক্সির মতো ব্যবহার করেছেন। তবে সঙ্গে এটাও স্বীকার করেন যে, অক্ষয় সবসময় সময়মতো সেটে পৌঁছতেন। (Akshay Kumar)

অক্ষয় অবশ্য নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়ে বলেন, এতে প্রযোজনা সংস্থার কোনও সমস্যা হয়নি, কারণ ছবির অন্যতম প্রযোজক তিনিই ছিলেন। সঙ্গে সঙ্গেই ফারাহ পাল্টা মন্তব্য করেন, তিনিও ছবির প্রযোজকদের মধ্যে ছিলেন। হাসির আবহেই তিনি বলেন, “ও আমার সব টাকা খেয়ে ফেলেছে।” অক্ষয়ও রসিকতার সুরে জবাব দেন যে, এই ছবি থেকেই সবচেয়ে বেশি লাভ করেছিলেন ফারাহ। এরপর ফারাহ আরও মজা করে প্রযোজক রনি স্ক্রুওয়ালার নাম টেনে পুরনো দিনের স্মৃতি উস্কে দেন।

উল্লেখ্য, ‘ম্যায় হুঁ না’ ও ‘ওম শান্তি ওম’-এর পর ‘তিস মার খান’ ছিল ফারাহ খানের পরিচালিত তৃতীয় ছবি। অক্ষয় কুমার অভিনীত এই সিনেমা ২০১০ সালে মুক্তি পায় এবং ভারতীয় বক্স অফিসে প্রায় ৮৪ কোটি টাকা ব্যবসা করেছিল। (Akshay Kumar)

আরও পড়ুন :- ৩৭০ টাকার বিরিয়ানি থেকে সম্মতির প্রশ্ন, ভাইরাল বিতর্কে কুনিকার কড়া বার্তা


Exit mobile version