বলিউডের চাকচিক্যময় জীবনে যেখানে তারকারা একের পর এক বিলাসবহুল বাড়ি কেনার প্রতিযোগিতায় ব্যস্ত থাকেন সেখানে একেবারে উল্টো পথে হেঁটেছিলেন অনুপম খের (Anupam Kher)। বহু বছর আগে মুম্বইয়ে নিজের বিলাসবহুল ফ্ল্যাট বিক্রি করে তিনি স্বেচ্ছায় ভাড়াবাড়িতে থাকতে শুরু করেন, পরবর্তীতে সেই ফ্ল্যাটই পরে কিনে নেন আলিয়া ভাট। কিন্তু কেন এমনটা করেছিলেন অভিনেতা?
সম্প্রতি এক অনুষ্ঠানে এসে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের (Anupam Kher) তাঁর কর্মজীবনের শুরুতে মুম্বই এসে স্ট্রাগলের দিনগুলির কথা নিয়ে আলোচনা করছিলেন। সেই সময়ই তিনি জুহুতে থাকা তাঁর বিলাসবহুল ফ্ল্যাট ছেড়ে ভাড়া বাড়িতে চলে যাওয়ার সিদ্ধান্তের কথা বলেন।
অভিনেতা জানান, প্রায় ১০ বছর আগে তিনি এই সিদ্ধান্ত নেন। তবে ফ্ল্যাটটি বিক্রি করার পিছনে কোন আর্থিক টানাপোড়ন ছিল না। নিজের ইচ্ছায় ভাড়া বাড়িতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন অনুপম। পরবর্তীতে তাঁর সেই ফ্ল্যাটটি আলিয়া ভাট ৮.৯৯ কোটি টাকার বিনিময়ে কিনে নেন। সেই সময় ঘটনাটি নিয়ে বলিউডে বেশ চর্চা হয়েছিল। তবে ঘটনার পিছনে সত্যিটা তেমন কেউ জানতেন না। সম্প্রতি অনুপম (Anupam Kher) জানিয়েছেন তাঁর বাড়ি বিক্রির সিদ্ধান্তের পিছনে কোনও আর্থিক চাপ ছিল না। বরং তিনি নিজেই জানিয়েছেন, ইচ্ছে করেই তিনি ভাড়াবাড়িতে থাকার পথ বেছে নিয়েছেন। তাঁর মতে, জীবনে অযথা জটিলতা বাড়ানোর কোনও মানে নেই, সহজভাবে বাঁচাই সবচেয়ে বড় কথা। তিনি মনে করেন, মানুষ নিজের জীবনকে নিজেই অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে কঠিন করে তোলে, আর সেই ধারণা থেকেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছিলেন।
অনুপম খেরের (Anupam Kher) জীবনের শুরুটাও খুব সহজ ছিল না। মাত্র ৩৭ টাকা নিয়ে স্বপ্নের শহর মুম্বইতে এসেছিলেন নিজের অভিনেতা হওয়ার স্বপ্ন পূরণ করতে। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে নিজের জায়গা তৈরি করেছিলেন তিনি। আর সেই কঠিন দিনগুলোর অভিজ্ঞতাই তাঁকে আজও মাটির কাছাকাছি থাকতে শিখিয়েছে। তাই হয়তো এত বড় সাফল্যের পরেও তিনি বিলাসিতার বদলে সরল জীবনযাপনকেই বেশি গুরুত্ব দেন।
Pooja Dadlani: একসঙ্গে তিন ফ্ল্যাট! কোটি কোটি টাকার বিনিয়োগে শিরোনামে শাহরুখ খানের ম্যানেজার
তবে নিজের জীবনে সরলতা বেছে নিলেও পরিবারের ক্ষেত্রে কোনও খামতি রাখেননি এই অভিনেতা। জানিয়েছেন তাঁর মায়ের বহুদিনের ইচ্ছা ছিল সিমলায় একটি বাড়ি থাকার, আর সেই স্বপ্নপূরণ করতে তিনি সেখানে একটি বড় বাড়ি কিনে দেন। নিজের জন্য সাদামাটা জীবন হলেও, প্রিয়জনদের ক্ষেত্রে তিনি কোনও কার্পণ্য করেননি।
সব মিলিয়ে, বলিউডের রুপোলী পর্দার পিছনে দাঁড়িয়েও অনুপম খেরের জীবনকে দেখার এই সহজ-সরল দৃষ্টিভঙ্গি অনেকের কাছেই অনুপ্রেরণার। তাঁর মতে, শুধুমাত্র অর্থ উপার্জন নয়, বরং একজন ভালো অভিনেতা হিসেবে পরিচিত হওয়াই তাঁর কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আর সেই লক্ষ্যে তিনি পৌঁছতে পেরেছেন এটাই তাঁর কাছে যথেষ্ট।

