অনলাইন প্রতারণার ফাঁদে পড়ে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়লেন অভিনেত্রী অর্চনা পুরন সিং ও অভিনেতা পরমিত শেঠির ছেলে আয়ুষ্মান শেঠি। একটি ‘ফ্রি ট্রায়াল’ অফারের ফাঁদে পড়ে তাঁর ক্রেডিট কার্ড থেকে এক ধাক্কায় কেটে নেওয়া হয় প্রায় ৮৭ হাজার টাকা। গোটা ঘটনাটি সামনে এসেছে পরিবারেরই একটি ভ্লগ থেকে, যা প্রকাশ করেন আয়ুষ্মানের দাদা আর্যমান শেঠি। (Archana Puran Singh)
ভ্লগে দেখা যায়, বেশ উদ্বিগ্ন অবস্থায় আয়ুষ্মান পরিবারের সদস্যদের জানান যে তাঁর ক্রেডিট কার্ড থেকে ৮৭ হাজার টাকা কেটে নেওয়া হয়েছে। বিষয়টি শুনেই হতবাক হয়ে যান অর্চনা। তিনি দ্রুত কার্ড বাতিল করার পরামর্শ দেন। যদিও পরমিতের মত ছিল আলাদা ও তাঁর বক্তব্য, কার্ড নয়, আগে পেমেন্টটি বন্ধ করার চেষ্টা করা উচিত।
আয়ুষ্মানের দাবি, একটি ওয়েবসাইটে ৭ দিনের ফ্রি ট্রায়ালের অফার দেখানো হয়েছিল। প্রথমে নামমাত্র একটি ট্রানজাকশন অনুমোদন করলেও পরে তাঁর অনুমতি ছাড়াই পুরো বছরের সাবস্ক্রিপশন চার্জ কেটে নেওয়া হয়। তিনি জানান, টাকা ফেরত পাওয়ার জন্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও শুধুই AI কাস্টমার সার্ভিসের মুখোমুখি হতে হয়েছে। (Archana Puran Singh)
ঘটনার মাঝেই সামনে আসে আয়ুষ্মানের পুরনো অভিজ্ঞতাও। তাঁর দাদা জানান, এর আগেও প্লেস্টেশন সংক্রান্ত এক প্রতারণায় প্রায় ৮০ হাজার টাকা খোয়াতে হয়েছিল তাঁকে। এই ঘটনায় পরমিত মজা করে বলেন, আয়ুষ্মান সবসময় তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় বলেই এমন সমস্যা হচ্ছে। যদিও আয়ুষ্মানের দাবি, তিনি বাবার কাজের জন্যই ওই সাবস্ক্রিপশন নিয়েছিলেন।
হাসি-মজার আবহ তৈরি হলেও ঘটনাটি ফের মনে করিয়ে দিল অনলাইনে কোনও অফার গ্রহণের আগে শর্ত ভালোভাবে পড়া কতটা জরুরি।(Archana Puran Singh)

