Site icon Hindustan News Point

Arijit Singh Retirement: সিনেমায় আর গান গাইবেন না, প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসর নিলেন অরিজিৎ সিং

Arijit Singh Retirement

প্লেব্যাক সিঙ্গিং থেকে অবসরের ঘোষণা করলেন অন্যতম জনপ্রিয় সঙ্গীতশিল্পী অরিজিৎ সিং (Arijit Singh Retirement)। ২৭ জানুয়ারি নিজের সোশ্যাল মিডিয়ায় এই সিদ্ধান্তের কথা জানান ৩৮ বছর বয়সি এই শিল্পী। কয়েক দিন আগেই ‘ব্যাটল অফ গালওয়ান’ ছবির গান ‘মাত্রভূমি’ প্রকাশের পরেই এই ঘোষণা ঘিরে আলোচনা তৈরি হলো সঙ্গীতজগতে।

নিজের বার্তায় অরিজিৎ জানান, বহু বছর ধরে শ্রোতাদের থেকে যে ভালোবাসা পেয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। তিনি স্পষ্ট করেন, আর নতুন কোনও ছবিতে প্লেব্যাক গায়ক হিসেবে কাজ করবেন না। এই অধ্যায়ে ইতি টানলেও সঙ্গীতচর্চা বন্ধ করছেন না তিনি। বরং ভবিষ্যতে নিজস্বভাবে গান তৈরি ও শেখার কাজ চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন।

অরিজিৎ আরও জানান, আগে থেকে চুক্তিবদ্ধ কিছু কাজ এখনও বাকি রয়েছে, যেগুলি তিনি শেষ করবেন। ফলে ২০২৬ সাল পর্যন্ত তাঁর কিছু নতুন গান প্রকাশ পেতে পারে। তবে এর পর আর কোনও নতুন ছবিতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে যুক্ত হবেন না।

‘তুম হি হো’ গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পান অরিজিৎ। ‘আশিকি ২’-এর সেই গান তাঁকে নতুন প্রজন্মের রোমান্টিক কণ্ঠ হিসেবে প্রতিষ্ঠিত করে। এরপর ‘এ দিল হ্যায় মুশকিল’, ‘হাওয়ায়ে’, ‘আপনা বানালে’, ‘কেশরিয়া’ সহ একের পর এক হিট গানে শ্রোতাদের মন জয় করেন তিনি।

ক্যারিয়ারে দু’বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অরিজিৎ। পাশাপাশি ২০২৫ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। প্লেব্যাক সিঙ্গিং থেকে সরে গেলেও, অরিজিতের সুর যে আরও বহু বছর শ্রোতাদের হৃদয়ে অনুরণিত হবে, তা বলাই যায়।


Exit mobile version