Site icon Hindustan News Point

Asha Bhosle Death: ১৬-তে পালিয়ে বিয়ে, ‘মানসিক ও শারীরিক নির্যাতন…’ প্রথম সংসার থেকে কীভাবে বেরিয়েছিলেন আশা?

Asha Bhosle Death

প্রয়াত আশা ভোঁসলে (Asha Bhosle Death)। ৯২-এ না ফেরার জগতে সুরসম্রাজ্ঞী। গতকাল অর্থাৎ, শনিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। বুকে সংক্রমণ নিয়ে তিনি ভর্তি ছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। তারপর আজ সোশাল মিডিয়ায় কিংবদন্তি সঙ্গীতশিল্পীর মৃত্যু সংবাদ জানালেন তাঁর নাতনি। ৯০ পেরিয়ে গেলেও তাঁর কণ্ঠ ছুঁয়ে যেত কোটি কোটি মানুষের হৃদয়। কিন্তু তার মাঝেও রয়েছে তাঁর জীবনের বেশ কিছু অধ্যায়। তাঁর জীবনের শুরুটা ছিল নানা টানাপড়েন ও পারিবারিক দ্বন্দ্বে ভরা।

খুব অল্প বয়সে বৈবাহিক জীবনে (Asha Bhosle Death) আবদ্ধ হয়েছিলেন, প্রেম করে মাত্র ১৬ বছর বয়সে গণপতরাও ভোঁসলের সঙ্গে বিয়ে করেন আশা ভোঁসলে। তখন দু’জনেরই বয়সের ফারাক ছিল অনেকটাই। এক সাক্ষাৎকারে আশা ভোঁসলে জানান, তাঁর এই বিয়ে করার সিদ্ধান্ত তাঁর পরিবার কখনই মেনে নেয়নি। বিশেষ করে তাঁর দিদি কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকর এই সম্পর্কের তীব্র বিরোধিতা করেছিলেন। ফলে সেই সময় পরিবারের সঙ্গে তাঁর দূরত্বও তৈরি হয়েছিল।

বিবাহিত জীবনও যে খুব ভালো ছিল তেমনও নয়। সেই সময় তাঁর শ্বশুরবাড়ির সদস্যরা একজন গায়িকাকে পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারেনি। স্বামীর সঙ্গে সম্পর্ক নিয়েও ছিল নানা জটিলতা। তিনি অভিযোগ করেছিলেন, তাঁকে পরিবার থেকে দূরে থাকতে বাধ্য করা হয়েছিল এবং দিদির সঙ্গে যোগাযোগও দীর্ঘদিন বন্ধ ছিল।

দাম্পত্য জীবনে নির্যাতন ও স্বামীর থেকে পাওয়া খারাপ আচরণ নিয়েও সেই সাক্ষাৎকারে খোলাখুলি কথা বলেছিলেন তিনি। একটা সময় প্রায় রোজই তাঁর উপর মানসিক ও শারীরিক নির্যাতন চলত। এমনকী অন্তঃসত্ত্বা অবস্থায় ঘর ছাড়তে বাধ্য করা হয়েছিল। পরে তিনি ফিরে আসেন নিজের মা ও ভাইবোনদের কাছে।

প্রথম বিয়ে ভাঙার পর ফের নতুন করে সম্পর্কে জড়ান। তিনি সুরকার আর ডি বর্মনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই সম্পর্কেও ছিল নানা টানাপড়েন। যদিও শেষ পর্যন্ত তাঁরা আলাদা থাকলেও একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালবাসা বজায় ছিল।

১৯৩৩ সালের ৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এই কিংবদন্তী শিল্পী। ছোটবেলা থেকেই বাড়িতে গানের পরিবেশেই বড় হয়েছেন দুই বোন। ১৯৪৮ সালে ‘চুনারিয়া’ সিনেমার ‘সাওয়ান আয়া’ গান দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এর আগে মারাঠি ভাষায় গান গেয়েছিলেন তিনি। সচিন দেববর্মন, রাহুল দেব বর্মন, এ. আর. রহমানের মতো প্রথম সারির সব সুরকার-সঙ্গীতশিল্পীর সঙ্গেই কাজ করেছেন তিনি। তিনি দুটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। হিন্দি ভাষা ছাড়াও তিনি ২০টি ভারতীয় ও বিদেশি ভাষায় গান গেয়েছেন।


Exit mobile version