Site icon Hindustan News Point

Badshah Tateeree : ফের বিতর্কে বাদশা, সোশ্যাল মিডিয়া থেকে ডিলিট ৮৫৭টি ভিডিয়োর লিঙ্ক

Badshah Tateeree

বাদশার সম্প্রতি মুক্তি পাওয়া হরিয়ানভি মিউজ়িক ভিডিয়ো ‘টটীরী’ (BadshahTateeree) নিয়ে যত গোলযোগ। অভিযোগ, এই গানে স্কুলের পোশাক পরা মেয়েদের দেখানো হয়েছে। তাঁরা কাঁধের ব্যাগ নামিয়ে গানের সঙ্গে হঠাৎ নেচে উঠেছেন। অভিযোগকারীদের দাবি, এই ধরনের দৃশ্য সমাজে ভুল বার্তা ছড়াতে পারে। এ ছাড়াও, আপত্তিকর ভাষাপ্রয়োগের অভিযোগও উঠেছে। হরিয়ানা পুলিশ ইতিমধ্যেই ‘লুক আউট’ নোটিস জারি করেছিল তাঁর বিরুদ্ধে। এই রেশ কাটতে না কাটতেই নতুন করে ফের বিতর্কের মুখে পড়ল বলিউডের এই জনপ্রিয় গায়ক-র‍্যাপার বাদশা। বিতর্কের পরেই পড়ে গানটি ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাদশার বিরুদ্ধে একাধিক FIR দায়ের করা হয়েছে। জাতীয় মহিলা কমিশন তাঁকে আগামী ২৪ মার্চ তলব করেছে। এদিকে গানটির বিরুদ্ধে ডিজিটাল প্ল্যাটফর্ম জুড়েও কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে হরিয়ানা পুলিশ, অভিযান জোরদার করেছে।

এবার পঞ্চকুল্লা পুলিশের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, গানটি সম্পর্কিত মোট ৮৫৭টি ভিডিয়ো লিঙ্ক এখনও পর্যন্ত সরিয়ে ফেলা হয়েছে। যার মধ্যে রয়েছে ১৫৪ ইউটিউব ভিডিয়ো এবং ৭০৩ ইনস্টাগ্রাম রিল। গানটির বিষয়বস্তু নিয়ে হরিয়ানায় বাদশার (BadshahTateeree) বিরুদ্ধে একাধিক এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া একাধিকবার সমন পাঠানো সত্ত্বেও তিনি আদালতে হাজির হতে ব্যর্থ হয়েছেন। গানটিতে নারীদের নিয়ে আপত্তিকর, অনুপযুক্ত এবং অশ্লীল বার্তা রয়েছে। ভিডিয়োটিতে রাজ্যের স্কুলছাত্রীদের একটি গানের তালে নাচতে দেখা গিয়েছে। হরিয়ানা পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে গানটি সরিয়ে ফেলা হয়েছে। এছাড়া গানটির পুনরায় আপলোড, শর্ট ভিডিয়ো এবং অন্যান্য ফরম্যাটসহ সব সংস্করণও সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।

এই বিষয়ে হরিয়ানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, রাজ্যে নারী ও নাবালকদের মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনও ধরনের আপত্তিকর বিষয়বস্তু বরদাস্ত করা হবে না। আইন মেনে চলা নিশ্চিত করতে এবং সমাজে একটি ইতিবাচক বার্তা পৌঁছে দিতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে নজরদারি আরও জোরদার করা হয়েছে। জনসাধারণকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে। যদি কোনও ব্যক্তি নিষিদ্ধ গানটি ব্যবহার করে রিল, শর্টস বা অন্য কোনও ভিডিয়ো তৈরি বা শেয়ার করেন, তাহলে তাঁর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। এই ধরনের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক বা সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করা হতে পারে। পুলিশের একটি টিম ক্রমাগত গানটির দিকে নজর রাখছে। এছাড়া হরিয়ানা পুলিশ মহিলা ও নাবালকদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর বা সমাজবিরোধী বিষয়বস্তুর বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি নিয়েছে।


Exit mobile version