সময় চলে যায়, তবে তার দলিল হিসাবে রেখে যায় কিছু অসামান্য সৃষ্টি। বলিউডের কৃপায় এমন বহু অসামান্য দৃশ্য তৈরি হয়েছিল যা আজও দর্শকের মনের এক কোণে সযত্নে সাজানো রয়েছে। ঠিক তেমনি একটি দৃশ্য ছিল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ সিনেমায়। ছবির প্রায় শেষ, প্রেমিকা সিমরনকে (কাজল) না পেয়ে বিদেশ ফিরে যাচ্ছে রাজ (শাহরুখ খান)। শেষ মুহূর্তে সিমরনের বাবা মত পাল্টে মেয়ের হাত ছেড়ে তাঁকে বলে সেই বিখ্যাত সংলাপ, “যা সিমরন যা, জিলে আপনি জিন্দগি।” বাবার হাত ছেড়ে রাজের হাত ধরতে ট্রেনের দিকে ছুটে যায় সিমরন। এই পুরো দৃশ্যটির শ্যুটিং হয়েছিল মহারাষ্ট্রের আপটা স্টেশনে। বহু বছর পর সেই স্টেশনে গিয়েই স্মৃতির পাতা উলটে দেখলেন অনুপম খের, ওই ছবির অন্যতম অভিনেতা। (DDLJ Anupam Kher)
সম্প্রতি অনুপম পৌঁছে যান মহারাষ্ট্রের সেই বিখ্যাত আপটা স্টেশনে, যেখানে শুটিং হয়েছিল শাহরুখ খান ও কাজলের কালজয়ী ছবির দৃশ্যের।অভিনেতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিয়োতে স্টেশনে দাঁড়িয়ে পুরনো দিনের স্মৃতি রোমন্থন করতে দেখা যায় অনুপম খেরকে। তিনি বলেন, যখন তাঁরা ছবিটির শুটিং করছিলেন তখন ভাবেনওনি যে একদিন এই ছবি সুপারহিট হবে।
উল্লেখ্য, ছবিতে শাহরুখের বাবার ভূমিকায় অভিনয় করেছিলেন অনুপম।
ওই ভিডিয়োতে স্টেশনের বিভিন্ন অংশ ঘুরে দেখানোর পাশাপাশি ছবির নানান গল্প করেন অনুপম। একইসঙ্গে মোদী সরকারের কাছে তিনি আবেদন করেন এই স্টেশনটিকে যাতে একটি সিনেমাপ্রেমীদের পর্যটন স্থান রূপে সংরক্ষণ করা হয়। তিনি আরও বলেন, এই আপটা স্টেশনকে যেন ‘DDLJ স্টেশন’ হিসেবেই স্বীকৃতি দেওয়া হয়। কারণ বিশ্ব জুড়ে এমন অনেক সিনেমা প্রেমীরাই আছেন যারা তাদের পছন্দের সিনেমার শুটিংয়ের দৃশ্যগুলি ঘুরে দেখতে চান। এটি তাদের জন্য একটি অনন্য সুযোগ হবে। (DDLJ Anupam Kher)
নেটমাধ্যমেও অভিনেতার এই ভিডিয়ো ইতিমধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই মজা করে লিখেছেন, “এবার সত্যিই আপটা স্টেশনের নাম বদলে DDLJ স্টেশন করা উচিত!” কেউ আবার বলেছেন, “এই স্টেশন ভারতীয় সিনেমার তীর্থস্থান।” সব মিলিয়ে, পুরনো স্মৃতির সঙ্গে খানিক আবেগ আর সিনেমার নানান গল্প মিশিয়ে অনুপমের এই ‘আপটা’ অভিযান মন কেড়েছে নেটিজেনদের।
Sonam Kapoor: দ্বিতীয় পুত্রের নাম প্রকাশ্যে আনলেন সোনম-আনন্দ, জানেন নামের অর্থ?

