সামাজিক মাধ্যমে বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকনকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এক ভাইরাল স্ক্রিনশট ঘিরে দাবি করা হচ্ছে, সমাজকর্মী সোনম ওয়াংচুকের অনশনকে সমর্থন জানিয়ে ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেছিলেন অভিনেত্রী। পরে সেটি নাকি মুছে ফেলেন তিনি। X, রেডিট-সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সেই স্ক্রিনশট দ্রুত ছড়িয়ে পড়তেই জল্পনা শুরু হয়, রাজনৈতিকভাবে স্পর্শকাতর ইস্যুতে প্রকাশ্যে মুখ খুলেছিলেন দীপিকা? (Deepika Padukone)
ভাইরাল স্ক্রিনশটে দেখা যায়, ওয়াংচুকের একটি ছবি শেয়ার করে লেখা রয়েছে “তিনি অনশনে। আমরা শুধু স্ক্রল করছি”, পাশাপাশি দাবি করা হয়, দীপিকা লিখেছিলেন, “এই নিয়ে কেউ মুখ খুলছে না কেন? আমরা গণতন্ত্রের এক অন্ধকারতম সময়ের সাক্ষী হচ্ছি।” এমনকী আরও একটি মন্তব্যও তাঁর নামে ছড়িয়ে পড়ে, যেখানে বলা হয়, “একজন ব্যর্থ নেতাকে নিয়ে যতই প্রশংসার সিনেমা বানানো হোক, সত্য কখনও বদলায় না।” এই দাবির জেরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল বিতর্ক। (Deepika Padukone)
তবে ফ্যাক্ট-চেকের পর সামনে এসেছে ভিন্ন ছবি। মিড ডে-এর প্রতিবেদনে জানানো হয়েছে, দীপিকার ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া কার্যকলাপ এবং নির্ভরযোগ্য সংবাদমাধ্যমের রিপোর্ট খতিয়ে দেখেও এমন কোনও স্টোরির অস্তিত্বের প্রমাণ মেলেনি। কোনও বিশ্বাসযোগ্য সূত্র, ডিজিটাল আর্কাইভ বা সংবাদ প্রতিবেদনে এমন পোস্টের উল্লেখও পাওয়া যায়নি। ফলে ভাইরাল স্ক্রিনশটটি ডিজিটালি বিকৃত বা তৈরি করা হয়েছে বলেই মনে করা হচ্ছে। সেই কারণে দীপিকা পোস্ট করে পরে তা মুছে দিয়েছেন—এই দাবিরও কোনও ভিত্তি নেই। (Deepika Padukone)
এদিকে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশন চালিয়ে যাচ্ছেন সমাজকর্মী সোনম ওয়াংচুক। ককরোচ জনতা পার্টি (CJP)-র আন্দোলনের সমর্থনে এবং NEET-UG ২০২৬ প্রশ্নফাঁস-সহ বিভিন্ন পরীক্ষায় অনিয়মের অভিযোগে তিনি এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়লেও ইতিমধ্যেই বলিউডের একাধিক পরিচিত মুখ তাঁর পাশে দাঁড়িয়েছেন। স্বরা ভাস্কর, কাকা, শাবানা আজমি, সোনি রাজদান, জিনাত আমন, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, ওমি বৈদ্য, অনুরাগ কাশ্যপ এবং মুনাওয়ার ফারুকি প্রকাশ্যে ওয়াংচুকের প্রতি সংহতি জানিয়ে সরকারের সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছেন। (Deepika Padukone)
আরও পড়ুন :- সোনম ওয়াংচুকের অনশন নিয়ে পোস্ট ঘিরেই বিতর্কে জড়ালেন কুনিকা সদানন্দ

