করিমুল হক। ‘অ্যাম্বুলেন্স দাদা’ নামে খ্যাত জলপাইগুড়ির পরিচিত মুখ। করিমুলের জীবন কাহিনি, লড়াই আর মানবসেবার গল্প নিয়ে তৈরি হচ্ছে বায়োপিক। সে ছবিরই শ্যুটিংয়ের জন্য মঙ্গলবার সকাল থেকেই মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বর ছিল একটু অন্য রকম। টলিউড অভিনেতা দেব পৌঁছান শ্যুটিং করতে। অভিনেতার কনভয় হাসপাতাল চত্বরে ঢুকতেই অনুরাগীদের ভিড় জমে যায়। স্থানীয় মানুষজন সকাল থেকেই অপেক্ষা করছিলেন প্রিয় তারকাকে একবার দেখার জন্য। পরিস্থিতি সামলাতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। (Dev)
ছবিতে তুলে ধরা হচ্ছে করিমুল হকের জীবনের লড়াই আর মানবসেবার গল্প। বহু বছর ধরে নিজের মোটর বাইকে অসুস্থ মানুষকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তিনি। এক অনন্য নজির করিমুলের। সেই বাস্তব কাহিনিকেই বড়পর্দায় দেখাতে চান নির্মাতারা। হাসপাতালের কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য সেখানেই শ্যুট করা হয়েছে, বাস্তব পরিবেশের শুটিং করা হচ্ছে, যাতে গল্পটি আরও বিশ্বাসযোগ্য হয়ে ওঠে। (Dev)
শুধু হাসপাতাল চত্বর নয়, জলপাইগুড়ির ডুয়ার্স অঞ্চলের বিভিন্ন চা বাগান ও গ্রামীণ এলাকাতেও শ্যুটিং হবে বলে জানা গিয়েছে। পাহাড়-তরাই ঘেরা প্রকৃতি, কাঁচা রাস্তা আর প্রত্যন্ত গ্রাম—সব মিলিয়ে করিমুল হকের জীবনের প্রেক্ষাপটকে বাস্তব রূপ দেওয়ার চেষ্টা চলছে। স্থানীয়দের মতে, এই সিনেমার মাধ্যমে ডুয়ার্সের জীবনযাপন দেশ-বিদেশের দর্শকের সামনে উঠে আসবে। (Dev)
দেবকে ঘিরে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অনেকেই দেবকে মোবাইলবন্দি করেন। কেউ আবার আভিনেতাকে শুভেচ্ছা জানান। সব মিলিয়ে মালবাজারে এখন এই ছবির শ্যুটিংই প্রধান আলোচ্য বিষয়। মানবতার এক নিঃস্বার্থ যোদ্ধার গল্প বড়পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন উত্তরবঙ্গের মানুষ। (Dev)

