অবশেষে নীরবতা ভাঙলেন পঞ্জাবি গায়ক ও অভিনেতা গিপ্পি গ্রেওয়াল। ২০২৩ সালে কানাডায় নিজের বাড়ির বাইরে গুলিচালনার ঘটনাকে ঘিরে ফের মুখ খুললেন গিপ্পি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, সেই ঘটনার পর তিনি নিজেও বিস্মিত হয়ে পড়েছিলেন। কারণ, তাঁর দাবি, বলিউড অভিনেতা সলমন খানের সঙ্গে তাঁর কোনও ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল না। অথচ সেই ভুল ধারণার জেরেই তাঁকে নিশানা করা হয়েছিল বলে মনে করা হয়। (Gippy Grewal)
গিপ্পি জানান, সলমন খানের সঙ্গে তাঁর মাত্র দু’বার দেখা হয়েছিল। একবার তাঁর পঞ্জাবি ছবি ‘মৌজাঁ হি মৌজাঁ’-র প্রচারের সময় এবং আর একবার একটি টেলিভিশন অনুষ্ঠানের সেটে। এর বাইরে তাঁদের মধ্যে ব্যক্তিগত কোনও যোগাযোগ বা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল না। তাই তাঁর নামকে সলমনের সঙ্গে জুড়ে এমন হামলার ঘটনা তাঁকে অবাক করেছিল। (Gippy Grewal)
২০২৩ সালের নভেম্বরে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার হোয়াইট রক এলাকায় গিপ্পি গ্রেওয়ালের বাড়ির বাইরে একাধিক রাউন্ড গুলি চালানো হয়। ঘটনার পর কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই-এর গ্যাং সোশ্যাল মিডিয়ায় এই হামলার দায় স্বীকার করে। তাদের দাবি ছিল, গিপ্পি গ্রেওয়াল নাকি সলমন খানের ঘনিষ্ঠ হওয়ায় তাঁকে সতর্কবার্তা দিতেই এই হামলা চালানো হয়েছে। একই সঙ্গে সলমন খানকেও হুমকি দিয়ে বলা হয়, তাঁকেও রেহাই দেওয়া হবে না। (Gippy Grewal)
তবে গিপ্পি স্পষ্ট করে জানান, হামলার আগে তিনি কোনও ধরনের হুমকি, মুক্তিপণের দাবি বা সতর্কবার্তা পাননি। ফলে আচমকা এমন ঘটনার কোনও ব্যাখ্যা তাঁর কাছে ছিল না। তদন্তকারীরা পরে এই ঘটনায় তোলাবাজির সম্ভাবনাও খতিয়ে দেখতে শুরু করেন। যদিও হামলার প্রকৃত উদ্দেশ্য নিয়ে তদন্ত এখনও গুরুত্বপূর্ণ বিষয় হিসেবেই রয়েছে। (Gippy Grewal)
আরও পড়ুন :- গঙ্গার ঘাটে চাদর পেতে শুয়ে সুনীল গ্রোভার, আচমকা কী হলো?

