নতুন বছরের শুরুতেই বাংলা ছবির দর্শকদের জন্য বড়ই সুখবর। দীর্ঘ জল্পনা, কানাঘুষো আর নানা গুঞ্জনের শেষে অবশেষে স্পষ্ট করে জানিয়ে দিলেন দেব। আসছে ‘খাদান ২’। জনপ্রিয় ছবির সিক্যুয়েল নিয়ে এখন ইন্ডাস্ট্রিতে আলাদা করে কিছু বলার নেই। একের পর এক হিট ছবির দ্বিতীয়, তৃতীয় পর্ব যখন দর্শকের আগ্রহ ধরে রাখতে সফল, তখন ‘খাদান’-এর দ্বিতীয় ভাগ নিয়ে প্রত্যাশা ছিলই। ‘খাদান’ প্রথম ভাগ মুক্তি পেয়েছিল ২০ ডিসেম্বর ২০২৪-এ। দেব, যীশু সেনগুপ্ত, ইধিকা পালসহ অন্যান্য শিল্পীরা ছিলেন মুখ্য ভূমিকায়।(KHADAAN 2)
নতুন বছরের প্রথম দিনেই কার্যত চমকের বন্যা বইয়ে দেন দেব। ঘোষণা করেন ২০২৬ সালে ‘টনিক ২’ নিয়ে বড়পর্দায় ফিরছেন তিনি। আর পরে আসে আরও বড় খবর-‘খাদান ২’ হচ্ছে। সেই ঘোষণায় কার্যত সিলমোহর পড়ে যায়। সব মিলিয়ে নতুন বছরে দেবের পর্দায় হ্যাটট্রিক প্রায় নিশ্চিত বলে মনে করছেন সিনেপ্রেমীরা। স্বাধীনতা দিবসের আগেই মুক্তি পেতে চলেছে বাইক অ্যাম্বুলেন্স চালক দাদা করিমুল হকের জীবন অবলম্বনে তৈরি বায়োপিক, যার মুক্তির দিনক্ষণও বছরের প্রথম দিনেই জানিয়ে দিয়েছেন অভিনেতা।
‘টনিক ২’ নিয়েও দর্শকদের উত্তেজনা কম নয়। প্রথম ছবিতে দর্শকদের মন জয় করা ‘কাকা’ চরিত্রে পরাণ বন্দ্যোপাধ্যায়ের ফিরে আসা এবং সেই পরিচিত আবেগী রসায়ন ফের দেখা যাবে- এমন ইঙ্গিত ইতিমধ্যেই দিয়েছেন দেব। ফলে দেব ভক্তদের কাছে ২০২৬ যে বেশ জমজমাট হতে চলেছে, তা বলাই যায়।
তবে ‘খাদান ২’ নিয়ে গত কয়েকদিন ধরেই ইন্ডাস্ট্রিতে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল। কিছু সংবাদমাধ্যমে দাবি করে হয়, স্ক্রিনিং কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে দেব ও প্রযোজক নিসপাল রানার মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। পাশাপাশি এমন কথাও রটে, প্রথম ‘খাদান’ বক্স অফিসে যতটা সফল বলে প্রচার করা হচ্ছে, বাস্তবে ছবির ব্যবসা নাকি ততটা শক্তিশালী নয়। সেই কারণেই নাকি দ্বিতীয় পর্বে বড় অঙ্কের বাজেট ঢালতে অনিচ্ছুক প্রযোজক। সহ-প্রযোজকের সঙ্গেও বাজেট নিয়ে মতানৈক্যের খবর ছড়িয়ে পড়ে। এমনকি কোয়েল মল্লিক এই ছবি থেকে সরে দাঁড়াতে পারেন-এমন গুজবও মাথাচাড়া দেয়।(KHADAAN 2)
সব জল্পনায় ইতি টানতেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যৌথ বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে নির্মাতারা জানিয়েছেন, ‘খাদান ২’ নিয়ে দর্শকদের যে উত্তেজনা, তা তাঁরা বুঝতে পারছেন এবং নিজেরাও সমানভাবে আগ্রহী। তবে ভালো কাজের জন্য সময় দরকার, এই বার্তাই দেওয়া হয়েছে। পাশাপাশি আশ্বাস দেওয়া হয়েছে, একটু ধৈর্য ধরলে দর্শকদের অপেক্ষা বৃথা যাবে না।
সব মিলিয়ে বলা যায়, নানা জল্পনা-কল্পনার মাঝেই ‘খাদান ২’ নিয়ে অনিশ্চয়তার মেঘ অনেকটাই কেটে গেছে। দেবের একের পর এক ঘোষণায় স্পষ্ট- নতুন বছরে বাংলা বাণিজ্যিক সিনেমার দৌড়ে তিনি ফের শক্ত জমি তৈরি করতে চলেছেন। এখন শুধু অপেক্ষা, কবে বড়পর্দায় ফিরবে সেই পরিচিত ‘খাদান’, নতুন গল্প আর নতুন চমক নিয়ে।(KHADAAN 2)

