সম্প্রতি অভিনেত্রী মন্দানা করিমি (Mandana Karimi) জানিয়েছিলেন যুদ্ধ পরিস্থিতির মধ্যেও নিজের জন্মভূমি ইরানে তিনি ফিরতে চান। তাই তিনি ভারত ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু তিনি জানালেন ইরানে ফিরতে পারছেন না, কারণ প্রায় ১০ বছর আগে থেকেই সেখানে তাঁর ওপর নিষেধাজ্ঞা জারি রয়েছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মন্দানা বলেছিলেন, তিনি ভারত ছেড়ে ইরানে ফিরে যেতে চান। সেই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে। এরপরেই তাঁকে নিয়ে চর্চা শুরু। এই পরিস্থিতির মধ্যেই তিনি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে নিজের অবস্থান পরিষ্কার করেন। ভিডিওতে মন্দানা জানান, “আমাকে প্রায় ১০ বছর আগে ইরানে নিষিদ্ধ করা হয়েছে। তাই আমি সেখানে ফিরে যেতে পারি না। হ্যাঁ, আমি ভারত ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু ইরানে ফিরছি না।”
তিনি আরও বলেন, গত কয়েক মাসে ভারত থেকে কোনও সমর্থন পাননি বলেই হতাশ হয়েছেন তিনি। তাঁর কথায়, যখন ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনেইকে নিয়ে নানা আলোচনা শুরু হয় এবং ইজরায়েল ও আমেরিকার নাম সামনে আসে, এ বিষয়ে অনেকেই নানা মতামত দিচ্ছিলেন। কিন্তু তিনি নিজে সেই সময়ে খামেনেইকে নিয়ে প্রকাশ্যে শোক প্রকাশও করতে পারেননি।
মন্দানা (Mandana Karimi) আরও জানান, নিরাপত্তার কারণে দীর্ঘদিন ধরে এক জায়গায় লুকিয়ে থাকতে বাধ্য হয়েছেন। এমনকি নিরাপত্তার স্বার্থে ঘনিষ্ঠ বন্ধুরাও তাঁর বর্তমান অবস্থানের কথা জানেন না। তবুও তিনি মিডিয়ার সঙ্গে কথা বলে ইরানের মানুষের কণ্ঠস্বর তুলে ধরার চেষ্টা করছেন। অভিনেত্রী বলেন, গত ছয় বছর ধরে সিনেমায় অভিনয় করেননি। যদিও এটি তাঁর নিজের সিদ্ধান্ত। তবে তিনি সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ইরানের পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং বিশ্বের মানুষের কাছে ইরানের জন্য সমর্থন চেয়েছেন।
ভিডিওতে তিনি আরও বলেন, ১৮ বছর বয়সে ইরান ছেড়ে চলে এলেও সেটি এখনও তাঁর নিজের দেশ। তাই ইরানের পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করার অধিকার তাঁর রয়েছে। তাঁর দাবি, তিনি যে সাক্ষাৎকারগুলো দিচ্ছেন, তা নিজের জন্য নয়, বরং ইরানের মানুষের কথা তুলে ধরার জন্য। আর সেই দেশেই তাঁর উপর নিষেধাজ্ঞা।
উল্লেখ্য, গত কয়েক মাস ধরে মন্দানা করিমি (Mandana Karimi) তাঁর ইনস্টাগ্রামে ইরানের বর্তমান পরিস্থিতি নিয়ে একাধিক ভিডিও পোস্ট করছেন এবং মানুষকে সেই দেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। এখন দেখার বিষয় ইরানে ফিরতে না পারলে, ভারত ছেড়ে ঠিক কোথায় যাবেন অভিনেত্রী?

