Site icon Hindustan News Point

Manishankar Mukhopadhyay: বাংলা সাহিত্যে নক্ষত্রপতন, প্রয়াত ‘কত অজানারে’, ‘তিন ভুবনের পারে’-র শ্রষ্টা শংকর

manishankar mukhopadhyay sankar

প্রয়াত প্রখ্যাত সাহিত্যিক মণিশঙ্কর মুখোপাধ্যায়, যিনি ‘শংকর’ নামেই বাংলা সাহিত্যে অমর হয়ে থাকবেন (Sankar Passed Away)। বয়স হয়েছিল প্রায় ৯৩ বছর। শুক্রবার দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বাইপাস সংলগ্ন একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। জানা যায়, তিনি ব্রেন টিউমারেও আক্রান্ত ছিলেন এবং শেষ কয়েক দিন খাবার গ্রহণ বন্ধ করে দেন (Sankar Health Condition)।

গত ডিসেম্বর মাসে পড়ে গিয়ে কোমরের হাড় ভেঙে যাওয়ার পর অস্ত্রোপচার হয়েছিল তাঁর। কিছুটা সুস্থ হয়ে বাড়ি ফিরলেও ফের শারীরিক অবস্থার অবনতি ঘটে। শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি না ফেরার দেশে পাড়ি দেন। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে সাহিত্যজগৎ, সংস্কৃতি মহল এবং অসংখ্য পাঠকের মনে।

১৯৩৩ সালের ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোহর জেলায় জন্ম শংকরের। আইনজীবী বাবা হরিপদ মুখোপাধ্যায়ের সঙ্গে ছোটবেলায় কলকাতায় চলে আসেন এবং হাওড়াতেই তাঁর বেড়ে ওঠা। জীবনের শুরুতে শিক্ষকতা ও বিভিন্ন কাজ করলেও লেখালেখিই হয়ে ওঠে তাঁর পরিচয়ের মূল ভিত্তি।

‘কত অজানারে’ দিয়ে সাহিত্যজগতে আত্মপ্রকাশের পর ‘চৌরঙ্গী’ উপন্যাস তাঁকে বিপুল জনপ্রিয়তা এনে দেয়। এছাড়া ‘সীমাবদ্ধ’, ‘জন অরণ্য’, ‘তিন ভুবনের পারে’ প্রভৃতি রচনা বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ সম্পদ। তাঁর একাধিক উপন্যাস চলচ্চিত্রে রূপায়িত হয়েছে এবং প্রজন্মের পর প্রজন্ম পাঠককে মুগ্ধ করেছে। সাধারণ মানুষের জীবনসংগ্রাম, সমাজের অন্তর্লোক এবং মানবিক টানাপড়েন তাঁর লেখায় জীবন্ত হয়ে উঠেছে।

সাহিত্যিকের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, শংকরের মৃত্যু বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্রের পতন এবং সাংস্কৃতিক জগতের অপূরণীয় ক্ষতি। তাঁর সৃষ্টি ও চিন্তাধারা বাংলা সাহিত্যকে চিরকাল সমৃদ্ধ করে যাবে।


Exit mobile version