অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যজনক মৃত্যু ঘিরে টলিপাড়ায় গুঞ্জন চলছেই। আর্টিস্ট ফোরামের সদস্যদের মধ্যেও বিষয়টি নিয়ে ধোঁয়াশা রয়েছে। প্রযোজনা সংস্থার তরফে এখনও স্পষ্ট কোনও ব্যাখ্যা না মেলায় FIR দায়ের করার সিদ্ধান্ত আর্টিস্ট ফোরামের সদস্যদের। শুক্রবার এই ঘোষণা করেন অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
শুক্রবার রাত সাড়ে দশটা নাগাদ খুব অল্প সময়ের নোটিশে টেকনিশিয়ান্স স্টুডিয়োতে একটি সাংবাদিক বৈঠক ডাকা হয়। অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের সামনে এই FIR করার সিদ্ধান্তের কথা জানান প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং শান্তিলাল মুখোপাধ্যায়রা। তাঁরা জানান, “আমরা ১ এপ্রিল ওই নির্দিষ্ট প্রযোজনা সংস্থার কাছে চিঠি পাঠিয়েছিলাম। আশা করেছিলাম একটা মোটামুটি সন্তোষজনক উত্তর পাব। কিন্তু কোনও সন্তোষজনক জবাব পাইনি। তাই কাল দুপুর ২ টো নাগাদ আমরা FIR করব।” ( Rahul Banerjee Death)
এদিন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আরও বলেন, যিনি চলে গিয়েছেন তাঁকে আর ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু এই মৃত্যুকে ঘিরে অনেক প্রশ্ন রয়ে গেছে। সেই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্যই তাঁরা আইনি পথে এগোতে চাইছেন। ‘অভিযোগ জানাতে দেরি কেন?’ এই প্রশ্নের জবাবে প্রসেনজিৎ বলেন, “কিছু বিষয় আছে যেখানে আইনি ব্যাপার থাকে। আমরা নিজেরাও মানসিকভাবে আঘাত পেয়েছি। সেই ধাক্কা কাটিয়ে উঠতে ২-৩ দিন সময় লেগেছে। এটা বুঝতেই সময় লেগেছে যে রাহুল আর আমাদের মধ্যে নেই। তাই এই দেরি। তবে আমরা চেষ্টা করব আসল কারণটা জানতে।”
গত ১ এপ্রিল আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে প্রযোজনা সংস্থাকে একটি চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় জানান, যে উত্তর এসেছে তা তাঁদের সন্তুষ্ট করতে পারেনি। সাংবাদিকদের সামনে তিনি বলেন, “এরপর আমরা আইনি পরামর্শ নিই। আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় অভিযোগ জানানো হবে এবং পূর্ণাঙ্গ তদন্তের দাবি তোলা হবে।”
Rahul Arunoday Banerjee: শ্যুটিংয়ে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের
উল্লেখ্য, ২৯ এপ্রিল তালসারিতে ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় টলিউডের বিখ্যাত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে তখন সঠিক জানা যায়নি। ঘটনাস্থলে উপস্থিত একাধিক ব্যক্তিদের অসংলগ্ন বয়ান এবং ঘটনার তিন দিন পর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে যে বিবৃতি দেওয়া হয়, তা নিয়েও প্রশ্ন ওঠে। অনেক অভিনেতার মতে, সেই বিবৃতিতে নানান অসংলগ্নতা ছিল। (Rahul Banerjee Death)
প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়, রাহুলের মৃত্যুর পর লীনা গঙ্গোপাধ্যায় মহিলা কমিশনের চেয়ারপার্সনের পদে থাকতে চান না। তাঁদের বক্তব্য ছিল, ঘটনার নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এমন ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। তবে বিবৃতিতে ঘটনার সঠিক কারণ এবং অভিনেতার মৃত্যু নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি।
এছাড়াও অভিযোগ উঠেছিল, রাহুলের মৃত্যুর পর প্রযোজনা সংস্থার মুখ লীনা গঙ্গোপাধ্যায় তাঁর পরিবারের সঙ্গে একবারও দেখা করেননি। পরিচালক এবং প্রযোজনা সংস্থার এই দায় এড়ানোর চেষ্টায় টলিপাড়ার অন্দরে সন্দেহ দানা বাঁধতে শুরু করে। এবার আর্টিস্ট ফোরামের তরফে এই FIR এর পর ঘটনার তদন্ত ঠিক কোন দিকে যায় সেই দিকেই নজর সকলের।

