---Advertisement---

Animal Park Release Date: অ্যানিম্যালের সিক্যুয়েল আসছে? এ বার কি আরও নৃসংশ? মুখ খুললেন রণবীর

January 27, 2026 7:23 PM
animal park release date
---Advertisement---

সন্দীপ রেড্ডি ভাঙ্গার পরিচালনায় ২০২৩ সালে মুক্তি পাওয়া ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে ঝড় তুললেও বিতর্ক এড়াতে পারেনি। নারীবিদ্বেষ, অতিরিক্ত হিংসা ও পুরুষতান্ত্রিক মানসিকতার অভিযোগে ছবিটি সমালোচিত হলেও রণবীর কপুরের অনুরাগীদের মধ্যে বিপুল উন্মাদনা তৈরি হয়েছিল। ছবির শেষ দৃশ্যে সিক্যুয়েলের ইঙ্গিত মিলতেই শুরু হয় জল্পনা—‘অ্যানিম্যাল পার্ক’ আসছে কি না তা নিয়ে।

এ বার সেই জল্পনায় সিলমোহর দিলেন রণবীর নিজেই। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়েছেন, ‘অ্যানিম্যাল পার্ক’ তৈরির পরিকল্পনা রয়েছে, তবে শুটিং শুরু হতে এখনও বেশ সময় লাগবে। বর্তমানে রণবীর ব্যস্ত নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ এবং সঞ্জয় লীলা ভন্সালীর ‘লভ অ্যান্ড ওয়ার’-এর কাজে। অন্যদিকে পরিচালক সন্দীপও ‘স্পিরিট’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত। সব মিলিয়ে ‘অ্যানিম্যাল পার্ক’-এর ক্যামেরা চালু হতে সম্ভবত ২০২৭ সাল গড়িয়ে যাবে।

সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, ‘অ্যানিম্যাল পার্ক’ একটিমাত্র ছবি নয়, বরং তিন ভাগে তৈরি হওয়ার পরিকল্পনা রয়েছে। রণবীর জানিয়েছেন, এই পর্বে তাঁকে দ্বৈত চরিত্রে দেখা যাবে—একই সঙ্গে নায়ক ও খলনায়কের ভূমিকায়। গল্পের প্রয়োজনে প্লাস্টিক সার্জারির মাধ্যমে খলচরিত্রকে প্রধান চরিত্রের মতো চেহারা দেওয়া হবে, এমনই ভাবনা রয়েছে নির্মাতাদের।

রণবীরের কথায়, “প্রথম ছবির নানা ভাবনা থেকেই সন্দীপ গল্পকে আরও বড় পরিসরে এগিয়ে নিতে চেয়েছেন। এই পর্বে হিংসা ও নাটকীয়তা আরও অন্য মাত্রায় পৌঁছবে।” যদিও আগের ছবির মতোই পৌরুষত্ব ও সহিংসতার উপস্থাপনা নিয়ে ফের বিতর্ক উঠবে কি না, সে প্রশ্ন ইতিমধ্যেই ঘুরপাক খাচ্ছে দর্শকমহলে।

বক্স অফিসে ৪০০ কোটির বেশি ব্যবসা করা ‘অ্যানিম্যাল’-এর উত্তরাধিকার কী ভাবে বহন করবে ‘অ্যানিম্যাল পার্ক’, সেটাই এখন সবচেয়ে বড় কৌতূহল।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Join Now

Leave a Comment