Site icon Hindustan News Point

Rang De Basanti: ‘রং দে বসন্তী’র ২০ বছরে বিশেষ স্ক্রিনিং, রিইউনিয়ন ছবির কলাকুশলীদের

rang de basanti

বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল ছবি ‘রং দে বসন্তী’ মুক্তির ২০ বছর পূর্ণ করল। এই উপলক্ষ্যে ছবিটির কাস্ট ও নির্মাতাদের নিয়ে হয়ে গেল একটি বিশেষ স্ক্রিনিং। দীর্ঘদিন পর ফের একসঙ্গে দেখা গেল ছবির একাধিক পরিচিত মুখকে।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনেতা আমির খান, সঙ্গে ছিলেন সিদ্ধার্থ, শর্মন যোশি, কুনাল কাপুর, অতুল কুলকার্নি এবং সোহা আলি খান। ছবির পরিচালক রাকেশ ওমপ্রকাশ মেহরাও এই অনুষ্ঠানে যোগ দেন। সকলের উপস্থিতিতে গোটা অনুষ্ঠানটি হয়ে ওঠে স্মৃতিময় ও আবেগঘন। স্ক্রিনিংয়ের সময় অভিনেতাদের পরনে ছিল ‘রং দে বসন্তী’ লেখা বিশেষ হুডি। পুরনো দিনের নানা গল্প, শুটিংয়ের স্মৃতি ও ছবির প্রভাব নিয়ে কাস্ট সদস্যদের মধ্যে আলাপচারিতাও চলে। Rang De Basanti

অনুষ্ঠানের ছবি ও ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সোহা আলি খান। পোস্টে তিনি লেখেন, ২০ বছর পর আবার একসঙ্গে হওয়ার অনুভূতি সত্যিই বিশেষ। যদিও সবাই উপস্থিত থাকতে পারেননি, তবুও ছবির আবেগ ও স্মৃতি আজও একই রয়ে গেছে। ছবিতে আর মাধবনের বিপরীতে অভিনয় করেছিলেন সোহা।

২০০৬ সালে মুক্তি পাওয়া ‘রং দে বসন্তী’ কয়েকজন তরুণ কলেজ বন্ধুর গল্প, যারা প্রথমে রাজনীতি ও সমাজ থেকে দূরে থাকলেও জীবনের এক কঠিন ঘটনার মুখোমুখি হওয়ার পরে দেশের জন্য কিছু করার সিদ্ধান্ত নেয়। দেশপ্রেম, প্রতিবাদ ও সামাজিক দায়িত্ববোধ এই বিষয়গুলো ছবিটিকে বিশেষ পরিচিতি দিয়েছিল। তার সাথে এ আর রহমানের অসামান্য সঙ্গীত ছিল উপরি পাওনা।

মুক্তির পর ছবিটি শুধু বক্স অফিসেই সাফল্য পায়নি, বরং তরুণ প্রজন্মের চিন্তাভাবনাতেও গভীর প্রভাব ফেলেছিল। আজ ২০ বছর পরেও ‘রং দে বসন্তী’-র গান, সংলাপ ও বার্তা দর্শকদের মনে একইভাবে দাগ কেটে রয়েছে। Rang De Basanti


Exit mobile version