‘গলি বয়’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র তুমুল সাফল্যের পর আবারও বড় পর্দায় ফিরতে চলেছে রণবীর সিং ও আলিয়া ভাট জুটি। বলিপাড়ার অন্দরে কান পাতলে এখন একটাই গুঞ্জন—পরিচালক জয় মেহতার আগামী ছবি ‘প্রলয়’-এ (Proloy) ফের একসঙ্গে দেখা যাবে এই হিট জুটিকে। যদিও এই বিষয়ে আলিয়া বা রণবীর কেউই এখনও প্রকাশ্যে মুখ খোলেননি, তবুও দর্শকদের কৌতূহল তুঙ্গে।
তবে এবার আর নিছক রোম্যান্স বা পারিবারিক ড্রামা নয়, শোনা যাচ্ছে একেবারে অন্য স্বাদের এক জম্বি থ্রিলার (Zombie Thriller) ঘরানার ছবিতে কাজ করতে চলেছেন তাঁরা। বলিউড সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ছবিতে নায়িকার চরিত্রটিই গল্পের মূল কেন্দ্রবিন্দু এবং চালিকাশক্তি। আর সেই শক্তিশালী চরিত্রের জন্য পরিচালকের প্রথম পছন্দ আলিয়া ভাটই।
সিনেমার প্লট সম্পর্কে যা জানা যাচ্ছে, তা বেশ রোমহর্ষক। ছবিতে হিংসা, রক্তক্ষয়ী সংগ্রাম এবং প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত এক সমাজের ছবি ফুটে উঠবে। ধ্বংসস্তূপের মাঝে অস্তিত্ব রক্ষার লড়াই এবং জম্বিদের উৎপাত—সব মিলিয়ে এক টানটান উত্তজনা থাকবে চিত্রনাট্যে।
সূত্রের খবর অনুযায়ী, যদি সবকিছু পরিকল্পনামাফিক এগোয়, তবে ২০২৬ সালের আগস্ট মাস থেকেই শুরু হতে পারে এই ছবির শুটিং। আপাতত প্রাথমিক পর্যায়ের কথাবার্তা হলেও, নতুন বছরের জানুয়ারি মাসে ছবির প্রি-প্রোডাকশন নিয়ে নির্মাতাদের চূড়ান্ত আলোচনায় বসার কথা রয়েছে। দর্শক এর আগে রণবীর-আলিয়া জুটির অনবদ্য রসায়ন দেখেছেন। এবার ‘প্রলয়’-এর মতো ভিন্ন ধারার ছবিতে তাঁরা কতটা কামাল দেখাতে পারেন এবং বক্স অফিসে প্রলয় ঘটাতে পারেন কি না, সেটাই এখন দেখার অপেক্ষা।

