Site icon Hindustan News Point

Rohit Shetty: রোহিত শেট্টির বাড়ির বাইরে পাঁচ রাউন্ড গুলি, প্রশ্নের মুখে নিরাপত্তা

Rohit Shetty

হামলার নিশানায় এবার বলিউডের তারকা পরিচালক। বলিউডের কোনও অ্যাকশন সিনেমার দৃশ্যর মতই পরিচালক রোহিত শেট্টির বাড়ি লক্ষ্য করে চলল গুলি। ঘটনাটি ঘটে রবিবার, ১ ফেব্রুয়ারি ভোরে। তাঁর মুম্বইয়ের জুহুতে বাড়ির সামনে মোট পাঁচ রাউন্ড গুলি চলে। হামলার কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত নেমেছে মুম্বই পুলিশ।

জুহুর মত আভিজাত্য এলাকার একটি বহুতলে থাকেন পরিচালক। এলাকাটি যথেষ্ট জনবহুল। রবিবার ভোরে কিছু অজ্ঞাত পরিচয় ব্যক্তি এসে পরিচালকের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। তবে ঘটনার সময় রোহিত শেট্টি বাড়িতে উপস্থিত ছিলেন কি না, সেইটি এখনও জানা যায়নি।

ঘটনার পর থেকেই পরিচালকের বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী মোতায়ন রয়েছে। গোটা জায়গাটি ঘিরে রাখা হয়েছে ব্যারিকেড দিয়ে। অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীদের উপর বিএনএস এবং অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলার রুজু করা হয়েছে। অভিযুক্তদের শনাক্ত করতে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ ১২টি দল গঠন করেছে। শুধু রোহিত শেট্টি নন, এই এলাকায় বাস করেন বহু তারকা। সুতরাং নিরাপত্তাও রয়েছে যথেষ্ট। খুব স্বাভাবিকভাবে এইরকম আকস্মিক হামলা নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলে দিল।

রোহিত শেট্টি বলিউডের অন্যতম প্রভাবশালী ও সফল পরিচালক। অ্যাকশন ও কমেডি ঘরানার ছবির জন্য তিনি বিশেষভাবে পরিচিত। তাঁর পরিচালিত ‘গোলমাল’ ফ্র্যাঞ্চাইজি ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় কমেডি সিরিজ হিসেবে পরিচিত। একইভাবে ‘সিঙ্ঘম’, ‘সিম্বা’ এবং ‘সূর্যবংশী’ ছবির মাধ্যমে তিনি অ্যাকশন সিনেমায় আলাদা পরিচিতি গড়ে তুলেছেন।

২০১৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিটি শাহরুখ খানের সঙ্গে তাঁর প্রথম কাজ। এই ছবি বক্স অফিসে বিপুল সাফল্য পায় এবং সে বছরের সর্বোচ্চ আয় করা ছবিগুলির মধ্যে অন্যতম হয়ে ওঠে। ধারাবাহিক হিট ছবির সুবাদে রোহিত শেট্টি বর্তমানে বলিউডের প্রথম সারির পরিচালকদের তালিকায় রয়েছেন। ছবি পরিচালনার পাশাপাশি রিয়্যালিটি শো পরিচালনাতেও তিনি পরিচিত মুখ। জনপ্রিয় স্টান্টভিত্তিক রিয়্যালিটি শো ‘খতরোঁ কে খিলাড়ি’-এর সঞ্চালক হিসেবেও দীর্ঘদিন ধরে দর্শকের কাছে জনপ্রিয় তিনি।

তারকাদের উপর এইরকম হামলা নতুন নয়। এর আগেও ২০২৪ সালে সলমন খানের বাড়ির সামনে গুলির চলার ঘটনা ঘটে। বাইকে করে দুষ্কৃতী দল এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। তবে সেই ঘটনার দায় শিকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। তবে এই ঘটনায় আপাতত কারও নাম বা কোনও দলের নাম উঠে আসেনি।


Exit mobile version