Site icon Hindustan News Point

Shamik Adhikari: যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার

Shamik Adhikari

এবার জনপ্রিয় ইউটিউবার শমীক অধিকারীর (যিনি ‘ননসেন’/Nonsane নামে সোশ্যাল মিডিয়ায় পরিচিত) বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। বেহালা থানায় FIR দায়ের করেছেন এক তরুণী। শমীকের (Shamik Adhikari) বিরুদ্ধে তরুণীকে ১২ ঘণ্টা ঘরে আটকে রেখে মারধর এবং শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ।

অভিযোগকারিণী শমীকের প্রেমিকা, দীর্ঘদিন সম্পর্ক তাঁদের। তরুণীর দাবি, গত ২ ফেব্রুয়ারি রাত থেকে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা পর্যন্ত শমীক তাঁকে একটি ফ্ল্যাটে আটক রেখে শারীরিক হেনস্থা করেছেন এবং তাঁর শ্লীলতাহানি করা হয়েছে। এই বিষয়টি প্রকাশ্যে না আনার হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ।

এই ঘটনায় বেহালা থানায় FIR দায়ের হওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করেছে, এবং অভিযোগের প্রাথমিক দিকগুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারিণীর দাবি অনুযায়ী, ব্যক্তিগত মতবিরোধ বা বিবাদকে কেন্দ্র করে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু পরিস্থিতি ঠিক কতটা গুরুতর হলো যে তা শারীরিক নির্যাতনের পর্যায়ে চলে গেল, সেটাই জানার চেষ্টা করছে পুলিশ।

শমীক অধিকারীর (Shamik Adhikari) বিরুদ্ধে এই ধরনের গুরুতর অভিযোগ ওঠায় নেটপাড়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। যদিও অভিযোগের পর শমীক সরাসরি কোনও প্রতিক্রিয়া দেননি, তবুও এই মামলা এবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের আচরণ ও দায়িত্ব নিয়ে ফের প্রশ্ন তুলেছে।

রাজ্য মহিলা কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, যদি অভিযোগ সত্যি প্রমাণিত হয়, তাহলে অবশ্যই উপযুক্ত তদন্ত ও আইনানুগ ব্যবস্থা নিতে হবে। গ্রেফতারির পর এখন দেখার বিষয় এই ঘটনার জল ঠিক কতদূর গড়ায়।


Exit mobile version