বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal)। বাংলার মেয়ে হলেও বহু বছর ধরেই মুম্বইতেই পাকাপাকিভাবে থাকেন গায়িকা। তবে আর পুরোনো ঠিকানা নয়, এবার মুম্বইয়ের অভিজাত এলাকায় নতুন একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন তিনি। জানা যাচ্ছে, এই নতুন ফ্ল্যাটের দাম প্রায় ৩০ কোটি টাকার কাছাকাছি।
মুম্বইয়ের অন্যতম বিলাসবহুল এবং অভিজাত এলাকা ওরলি। একাধিক বিখ্যাত তারকাদের বসবাস এই অঞ্চলে। উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং সামনেই সমুদ্র থাকায় এই লোকেশনে অনেকেই নিজেদের স্বপ্নের বাড়ি বানিয়েছেন। তাই এবার শ্রেয়াও নিজের দ্বিতীয় ঠিকানা খুঁজে নিয়েছেন এই এলাকাতেই। শ্রেয়া ঘোষালের ফ্ল্যাটটি অবস্থিত গোদরেজ ট্রিলজি আবাসনে। প্রায় ২,৪৩০ বর্গফুট কার্পেট এরিয়া এবং মোট ২,৭৫০ বর্গফুটের এই অ্যাপার্টমেন্টের সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও। তবে এই ফ্ল্যাটের মালিক শ্রেয়া একা নন। তাঁর সঙ্গে এই সম্পত্তি অংশীদারিত্বে রয়েছেন তাঁর বাবা বিশ্বজিৎ ঘোষাল এবং মা শর্মিষ্ঠা ঘোষালও।
এটাই অবশ্য প্রথম নয়। এর আগেও মুম্বইয়ে একটি অভিজাত ফ্ল্যাটের মালিক হয়েছিলেন শ্রেয়া। এই নিয়ে স্বপ্নের শহর মুম্বইতে এটি শ্রেয়ার দ্বিতীয় বিলাসবহুল ঠিকানা। তবে এবারের ফ্ল্যাটের দাম শুনলে অবাক হবেন আপনিও। ওরলির এই অভিজাত আবাসনে শ্রেয়ার ফ্ল্যাটটির দাম প্রায় ২৯.৭০ কোটি টাকা। শুধুমাত্র এই সম্পত্তির স্ট্যাম্প ডিউটি বাবদই ১.৭৮ কোটি টাকা খরচ করেছেন গায়িকা।
KKR vs PBKS Ticket: বৃষ্টিতে ম্যাচ ভেস্তে, টিকিটের টাকা কি ফেরত পাবেন দর্শকরা? জানুন নিয়ম
উল্লেখ্য, ‘সারেগামাপা’ খ্যাত শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) সঞ্জয়লীলা বনশালীর ‘দেবদাস’ ছবিতে গান গেয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন। এরপরে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা শ্রেয়া। বঙ্গকন্যা সাফল্যের তালিকায় একটি নতুন সংযোজন তাঁর এই বিলাসবহুল ফ্ল্যাট।

