কনসার্টে অনেক শিল্পীরই লিপ-সিঙ্ক করার প্রবণতা থাকে, সম্প্রতি এক পডকাস্টে এসে জনপ্রিয় প্লেব্যাক গায়িকা শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) এই বিষয় নিয়েই সমালোচনা করলেন। কী এমন বললেন শ্রেয়া?
সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার রাজসমানি-র পডকাস্টে অতিথি হয়ে এসেছিলেন বর্তমানে সঙ্গীত জগতের সেনসেশন শ্রেয়া ঘোষাল। পডকাস্ট চলাকালীন লাইভ কনসার্টে শিল্পীদের আগে থেকে রেকর্ড করা গানে লিপ সিঙ্ক করার প্রবণতা নিয়ে কথা উঠলে শ্রেয়া বলেন, “লিপ-সিঙ্ক করা আসলে অলসতার কাজ। এর মানে হলো শিল্পী যথেষ্ট পরিশ্রম করেননি।” তার মতে, একজন গায়কের দায়িত্ব হল দর্শকদের সামনে সত্যিকারের লাইভ গান পরিবেশন করা। লাইভ কনসার্টের মানেই সেটা।
শ্রেয়া জানান, দর্শকরা যখন কোনও কনসার্টে যান, তখন তারা প্রিয় শিল্পীর কণ্ঠে সরাসরি গান শুনতে চান। কিন্তু যদি কেউ আগেই রেকর্ড করা ট্র্যাক বাজিয়ে তার সঙ্গে ঠোঁট মিলিয়ে গান করেন, তাহলে সেই লাইভ কনসার্টের আসল অনুভূতি নষ্ট হয়ে যায়। তিনি মনে করেন, একজন শিল্পীর উচিত নিয়মিত অনুশীলন করা এবং নিজের গানের মান বজায় রাখা।
এই প্রসঙ্গে তিনি আরও বলেন, একজন শিল্পী হিসেবে তিনি কখনও চান না যে এমন কোনও পারফরম্যান্স মানুষের সামনে প্রচারিত হোক, যা তিনি নিজে শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। যদি কোনও পারফরম্যান্স খারাপ হয়, তাহলে সেটি শিল্পীর নিজের কাছেই অস্বস্তিকর লাগা উচিত এবং তাকে ভাবতে হবে—কেন এমন হল এবং কীভাবে আরও ভালো করা যায়।
সম্প্রতি গায়ক এপি ঢিলো জনপ্রিয় টিভি শো The Great Indian Kapil Show- তে এসে যখন তাঁর জনপ্রিয় গান “With You”-তে লিপ-সিঙ্ক করেছিলেন, তখনও অনেক দর্শক সেই বিষয়টি নিয়ে সমালোচনা করেন।
উল্লেখ্য, শ্রেয়া ঘোষাল Shreya Ghoshal) ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম জনপ্রিয় কণ্ঠ। তাঁর লাইভ কনসার্ট দেখতে হাজারো দর্শকের ভিড় । মঞ্চে শ্রেয়ার সুরের জাদুতে মেতে থাকেন সকলেই। ২০০২ সালে ‘দেবদাস’ ছবির মাধ্যমে প্লেব্যাক গায়িকা হিসেবে বলিউডে আত্মপ্রকাশ শ্রেয়ার। সেই ছবির গানের জন্যই তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিলেন। এরপর থেকে হিন্দি, বাংলা, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালমসহ বহু ভাষায় অসংখ্য জনপ্রিয় গান গেয়েছেন তিনি। বলিউডের অন্যতম জনপ্রিয় ও সফল গায়িকা শ্রেয়া।
লাইভ কনসার্টে নিজের শক্তিশালী ও নিখুঁত গানের জন্যও শ্রেয়া বিশেষভাবে পরিচিত। তাই তাঁর মতে, একজন শিল্পীর সবচেয়ে বড় শক্তি হলো নিজের কণ্ঠে লাইভ গান পরিবেশন করা এবং দর্শকদের সামনে সত্যিকারের পারফরম্যান্স তুলে ধরা। শ্রেয়ার এই বক্তব্য সামনে আসার পর থেকেই বহু শ্রোতা, নেটিজেনরাও তাঁর সঙ্গে একমত বলে জানাচ্ছেন।

