Site icon Hindustan News Point

প্রথম বাড়ি কিনতে পেয়েছিলেন শাহরুখ-ফারহর সাহায্যে, আবেগঘন স্মৃতিচারণ শ্রেয়সের

Shreyas Talpade

বলিউড অভিনেতা শ্রেয়স তলপাড়ে (Shreyas Talpade) সম্প্রতি তাঁর কেরিয়ারের শুরুর দিকের একটি অজানা এবং আবেগঘন ঘটনার কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, মুম্বইয়ে নিজের প্রথম বাড়ি কেনার স্বপ্ন একসময় প্রায় ভেঙেই গিয়েছিল। কিন্তু ঠিক সেই সময় পাশে দাঁড়িয়েছিলেন বলিউডের দুই বড় তারকা শাহরুখ খান এবং পরিচালক ফারহা খান। তাঁদের সাহায্যেই শেষ পর্যন্ত বাড়ির লোন পেয়ে নিজের প্রথম বাড়ি কিনতে সক্ষম হন তিনি।

সম্প্রতি ফারহা খানের ইউটিউব চ্যানেলে অতিথি হিসেবে এসে এই ঘটনার কথা জানান শ্রেয়স। তিনি বলেন, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওম শান্তি ওম’ ছবিতে কাজ করার সময় তিনি একটি বাড়ি কেনার জন্য ব্যাংকে ঋণের আবেদন করেছিলেন। কিন্তু তখন তাঁর আয় ও আর্থিক অবস্থার ভিত্তিতে ব্যাংক জানিয়ে দেয়, তিনি ঋণ পাওয়ার যোগ্য নন।

শ্রেয়সের কথায়, সেই সময় ব্যাঙ্কের এক মহিলা কর্মী তাঁকে জিজ্ঞেস করেন, তিনি কোন ছবিতে কাজ করছেন। উত্তরে তিনি বলেন, ‘ওম শান্তি ওম’। এরপর ওই কর্মী জানতে চান, ছবিতে কে অভিনয় করছেন। শ্রেয়স (Shreyas Talpade) জানান, ছবির নায়ক শাহরুখ খান। তারপর তিনি জানতে চান ছবির পরিচালক কে। শ্রেয়স বলেন, ফারাহ খান। সব শুনে ওই মহিলা কর্মী তাঁকে পরামর্শ দেন, যদি শাহরুখ খানের কাছ থেকে একটি সুপারিশপত্র বা চিঠি আনা যায়, তাহলে ঋণের বিষয়টি নতুন করে বিবেচনা করা হতে পারে।

এরপর শ্রেয়স পুরো বিষয়টি ফারাহ খানকে জানান। তিনি এক মুহূর্ত দেরি না করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখেন। শ্রেয়স জানান, মাত্র দু’দিনের মধ্যেই ফারাহ শাহরুখ খানের পক্ষ থেকে একটি চিঠির ব্যবস্থা করে দেন। সেই চিঠি জমা দেওয়ার পর ব্যাঙ্ক তাঁর ঋণের আবেদন অনুমোদন করে। আর সেই ঋণের সাহায্যেই মুম্বইয়ে নিজের প্রথম বাড়ি কেনার স্বপ্ন পূরণ হয় তাঁর।

বারবার বদলাচ্ছেন মত, তৈমুরের নাম নিয়ে ফের বিতর্ক উসকে দিলেন সইফ

শ্রেয়সের (Shreyas Talpade) এই অভিজ্ঞতা শুনে ফারহা খানও মজার ছলে বলেন, “ওম শান্তি ওম-এর জন্য আমরা তোমাকে এমন কত টাকাই বা পারিশ্রমিক দিয়েছিলাম!” অর্থাৎ, ছবি থেকে খুব বেশি টাকা না পেলেও, সেই ছবির সুবাদেই শ্রেয়স জীবনের অন্যতম বড় স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন। ফারাহর এই মন্তব্যে হাসির রোল পড়ে যায়।উল্লেখ্য, ‘ওম শান্তি ওম’ ছবিটি ২০০৭ সালে মুক্তি পায়। এই ছবির মাধ্যমেই বলিউডে ডেবিউ হয় দীপিকা পাডুকোনের। ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছিলেন অর্জুন রামপালও।

প্রসঙ্গত, শ্রেয়স তলপাড়েকে (Shreyas Talpade) সম্প্রতি আহমেদ খান পরিচালিত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’ ছবিতে দেখা গিয়েছে। এই ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন অক্ষয় কুমার, দিশা পাটানি, সুনীল শেট্টি, জ্যাকলিন ফার্নান্ডেজ, পরেশ রাওয়াল, ফরিদা জালাল, আরশাদ ওয়ারসি, লারা দত্ত, রবিনা ট্যান্ডন, কৃষ্ণ অভিষেক, কিকু শারদা, জনি লিভার-সহ আরও অনেক জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রী।


Exit mobile version