বিধানসভা নির্বাচন দোরগোড়ায়, এই সময় রাজ্যের নেতা-মন্ত্রীরা নিত্যদিনই নানা কর্মব্যস্তার মধ্যে রয়েছেন। এরই মধ্যে হঠাৎ শনিবার দুপুরে সুপারস্টার প্রসেনজিৎ এর বাড়িতে হাজির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার! ব্যাপার কী?
বাংলা সিনেমার উজ্জ্বল তারকা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ওরফে ‘বুম্বাদা’। ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত করার পর অভিনন্দন জানাতে বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের এই উদ্যোগ। শনিবার দুপুরে তিনি প্রসেনজিতের বালিগঞ্জ এর বাড়িতে পৌঁছে ফুল, মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানান। সঙ্গে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষও।
শুভেচ্ছা সাক্ষাতে তারকাকে উত্তরীয় পরিয়ে সম্মান জানান এবং অযোধ্যার ‘রামলালা’ মূর্তিও প্রসেনজিৎ এর হাতে তুলে দেন সুকান্ত। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, এই সাক্ষাৎ রাজনীতির নয়, বরং প্রসেনজিতের চলচ্চিত্র জগতের অবদানের জন্য ছিল। তিনি জানান, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাংলা সিনেমাকে সমৃদ্ধ করেছেন এবং সেই অবদানের জন্যই তাঁকে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী প্রদান করা হয়েছে। এর মধ্যে রাজনীতিকে টেনে আনা উচিত নয়। Sukanta Mazumder- Prasenjit Chatterjee
১৯৬০-এর দশকে শিশু শিল্পী হিসেবে শুরু করে দশকের পর দশক ধরে টলিউডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন প্রসেনজিৎ। বহু দর্শকের কাছে তিনি ‘মেগাস্টার’। পদ্মশ্রী পুরস্কারের ঘোষণার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগপ্রবণ হয়ে তাঁর মা, পরিবার ও অগণিত ভক্তদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন। তাই আজও এই সাক্ষাৎকারে তিনি স্বাভাবিকভাবেই নিয়েছেন।
এই হঠাৎ হওয়া সাক্ষাৎকারকে টলিউড তারকা এবং কেন্দ্রীয় মন্ত্রী দুজনেই নিতান্ত সৌহার্দ্য বিনিময়ের মাধ্যমে হিসাবে তকমা দিলেও রাজ্যে রাজনীতির অন্তরালে ও বিরোধী শিবিরে ইতিমধ্যেই সুকান্তের এই পদক্ষেপকে ‘ভোটের রাজনীতি’ বলে কটাক্ষ করা হচ্ছে।

