Site icon Hindustan News Point

Tamal Raichowdhury: ঘুমের মধ্যেই সব শেষ, প্রয়াত বাংলার জনপ্রিয় অভিনেতা

Tamal Roy Chowdhury

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা তামাল রায়চৌধুরী। সোমবার নিজের বাড়িতেই ঘুমের মধ্যে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোররাত প্রায় ৩টা নাগাদ তাঁর মৃত্যু হয়।

অভিনেতার পরিবারে রয়েছেন তাঁর পুত্র, পুত্রবধূ এবং কন্যা। পরিবার সূত্রে জানা গেছে, হৃদরোগের সমস্যার কারণে সম্প্রতি তাঁর শরীরে পেসমেকার বসানো হয়েছিল। যদিও এরপর তাঁর জীবনযাত্রা মোটামুটি স্বাভাবিকই ছিল। সোমবার সকালে তিনি নিজের ঘরে ঘুমোচ্ছিলেন। সাধারণত তিনি খুব ভোরেই ঘুম থেকে উঠতেন। কিন্তু সেদিন অনেকক্ষণ পেরিয়েও ঘুম থেকে না ওঠায় বাড়ির পরিচারিকার সন্দেহ হয়। তিনি বারবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। এরপর তড়িঘড়ি চিকিৎসককে ডাকা হয়। চিকিৎসক এসে পরীক্ষা করে জানান, ভোররাতের দিকেই তাঁর মৃত্যু হয়েছে। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ঘুমের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়।Tamal Raichowdhury

এই দুঃসংবাদ প্রথম সোশ্যাল মিডিয়ায় জানান অভিনেতা দেবদূত ঘোষ। তিনি লিখেছেন, “আজ ভোরে ঘুমের মধ্যে কোনও কষ্ট না পেয়েই আমাদের সকলের প্রিয় অভিনেতা তমাল রায়চৌধুরী চলে গেলেন।”

তমাল রায়চৌধুরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। বিনোদন জগতের অনেকেই তাঁর প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। অভিনয়ই ছিল তাঁর জীবনের প্রধান সাধনা। দীর্ঘদিন ধরে তিনি বাংলা বিনোদন জগতের সঙ্গে যুক্ত ছিলেন। একাধিক জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করার পাশাপাশি থিয়েটার জগতেও তিনি ছিলেন অত্যন্ত পরিচিত মুখ।

বাংলা সিনেমাতেও তিনি ছিলেন পরিচিত মুখ। তিনি কাজ করেছেন ‘চিরদিনই তুমি যে আমার’, ‘চ্যালেঞ্জ’, ‘জাতিশ্বর’, ‘রামধনু’, ‘চাঁদের পাহাড়’ এবং ‘অ্যামাজন অভিযান’-এর মতো একাধিক ছবিতে। শেষবার তাঁকে বড় পর্দায় দেখা গিয়েছিল পরিচালক তথাগত মুখোপাধ্যায়-এর ছবি ‘ভটভটি’তে।

অভিনেতার পরিবারের তরফে আরও জানা গেছে, কিছুদিন ধরেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। সেই কারণেই গত কিছুদিন তাঁকে খুব বেশি অভিনয়ে দেখা যাচ্ছিল না। সিনেমা, টেলিভিশনের ধারাবাহিক কিংবা থিয়েটারের মঞ্চ কোথাওই খুব একটা সক্রিয় ছিলেন না।Tamal Raichowdhury

অভিনেতার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই থিয়েটার এবং টলিপাড়ার শিল্পীরা শোকবার্তা প্রকাশ করছেন। তাঁর প্রয়াণে বাংলা অভিনয় জগতে যে বড় শূন্যতা তৈরি হল, তা সহজে পূরণ হওয়ার নয় বলেই মনে করছেন অনেকেই।


Exit mobile version