Site icon Hindustan News Point

The Raja Saab: সিনেমা হলের ভিতরে আগুন! প্রভাস ভক্তদের কাণ্ডজ্ঞানহীনতায় অবাক নেট পাড়া

raja saab

বলিউড থেকে টলিউড সবক্ষেত্রেই সুপারস্টারদের নিয়ে তাদের ভক্তদের উন্মাদনা সর্বদা তুঙ্গে থাকে। প্রিয় তারকার ছবি মুক্তি মানেই ভক্তদের উৎসব – পোস্টারে দুধস্নান, ঢোল বাজানো, মিছিল আর নাচে-গানে মুখর হয়ে ওঠে প্রেক্ষাগৃহ চত্বর। তবে সেই উন্মাদনা যখন নিরাপত্তার সীমা ছাড়িয়ে যায়, তখন তা ভয়ের কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি তেমনই এক ঘটনায় শোরগোল পড়েছে বিনোদন জগতে।

‘বাহুবলী’র পর দক্ষিণ ভারত ছাড়িয়ে সর্বভারতীয় তারকায় পরিণত হয়েছেন প্রভাস। প্রভাসের ছবি মানেই প্রথম দিন প্রথম শো-তে ভক্তদের উন্মাদনা। আর সেই উন্মাদনাই এবার পরিণত হলো আতঙ্কে। ওডিশার রায়গড় জেলার অশোক টকিজে প্রভাস অভিনীত সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য রাজা সাহেব’ (The Raja Saab)-এর প্রদর্শনী চলাকালীন ঘটে যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ৯ জানুয়ারি মুক্তি পেয়েছে সুপারস্টার প্রভাসের বহু প্রতীক্ষিত ছবি ‘দ্য রাজা সাব’ (The Raja Saab)। বহুদিন ধরেই এই ছবি নিয়ে ভক্তদের উন্মাদনা ছিল তুঙ্গে। ওডিশার অশোকা থিয়েটারে ছবিটির প্রদর্শনী চলাকালীন উচ্ছ্বসিত ভক্তরা প্রায় ২৫ কেজি রঙিন কাগজ ওড়ানো শুরু করেন। কিন্তু বিপত্তি বাধে যখন সেই কাগজের স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে পর্দার সামনে থাকা কাগজের স্তূপ দাউ দাউ করে জ্বলতে শুরু করে। প্রথম সারিতে বসা দর্শকরা অল্পের জন্য প্রাণে বাঁচেন। আতঙ্কে শুরু হয় হুড়োহুড়ি।

হল কর্তৃপক্ষ ও কর্মীরা দ্রুত পরিস্থিতি সামাল দেন। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সাময়িকভাবে ছবির প্রদর্শনী বন্ধ রাখা হয়। এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।

ঘটনার ভিডিয়ো সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় তীব্র সমালোচনা। নেটদুনিয়ার একাংশ প্রভাস ভক্তদের দায়িত্বজ্ঞানহীন আচরণের কড়া নিন্দা করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, ভক্তি আর উন্মাদনার মধ্যে সীমারেখা কোথায়? উল্লেখ্য, এর আগেও হায়দরাবাদে একই ছবি ঘিরে অনুরাগীদের হাতে নকল কুমির নিয়ে প্রেক্ষাগৃহে প্রবেশের ঘটনা ঘটেছিল, যা নিয়ে তখনও বিতর্ক দানা বাঁধে।

পরপর এই ধরনের ঘটনায় প্রেক্ষাগৃহে নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করার দাবি উঠেছে। প্রিয় তারকার প্রতি ভালোবাসা নিঃসন্দেহে আবেগের, কিন্তু সেই আবেগ যদি অন্যের প্রাণনাশের ঝুঁকি ডেকে আনে, তবে তা আর বিনোদনের মধ্যে পড়ে না, এই মতামতই এখন জোরালো হচ্ছে সিনেমাপ্রেমী সমাজে।

Exit mobile version