জনপ্রিয় অসমিয়া গায়ক জুবিন গার্গের মৃত্যুর মামলায় অন্যতম অভিযুক্ত গায়কের ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ উঠল। তাঁর বিরুদ্ধে গায়কের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতে তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দিয়েছে গুয়াহাটির আদালত। (Zubeen Garg Death)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিদ্ধার্থ শর্মা গায়কের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে তা নিজের সংস্থায় বিনিয়োগ করেছিলেন। এই অভিযোগের ভিত্তিতেই আদালত তাঁর মালিকানাধীন একটি সংস্থার সম্পত্তিও বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে।
বুধবার শুনানির সময়ে আদালত জানায়, সিদ্ধার্থ শর্মার নামে থাকা মোট ৬টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অবিলম্বে ফ্রিজ করা হবে। বিচারক শর্মিলা ভূঁইয়া বলেন, তদন্তকারী আধিকারিক এমন নথি পেশ করেছেন যেখানে দেখা যাচ্ছে গায়কের অর্থ সরিয়ে নেওয়া, বিভিন্ন অ্যাকাউন্টে বড় অঙ্কের টাকা লেনদেনের মতো একাধিক সন্দেহজনক কার্যকলাপের সঙ্গে যুক্ত ছিলেন সিদ্ধার্থ।
আদালত মনে করছে, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলিতে জমা থাকা অর্থ অসৎ পথেই অর্জিত। একই সঙ্গে আদালত উল্লেখ করেছে, সিদ্ধার্থ শর্মা এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে পেয়েছিলেন সেই বিষয়ে বৈধ কোনও উপযুক্ত নথি বা প্রমাণ দেখাতে পারেননি। তাই তাঁর ওই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। (Zubeen Garg Death)
Donal Trump: ঝিনুকের খোলসে ট্রাম্পকে ‘খুনের হুমকি’! আত্মসমর্পণ এফবিআই প্রাক্তন প্রধানের
তদন্তে আরও উঠে এসেছে, সিদ্ধার্থ শর্মা প্রায় ১.১০ কোটি টাকা ‘মহাবীর অ্যাকোয়া’ নামে একটি সংস্থায় বিনিয়োগ করেছেন, সেই টাকার উৎস সম্পর্কেও কোনও নির্ভরযোগ্য নথি দেখাতে পারেননি তিনি।
উল্লেখ্য, গত বছরের ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে চতুর্থ নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালে অংশ নিতে গিয়েছিলেন জুবিন। সেখানে সমুদ্রে ডুবে অস্বাভাবিকভাবে মৃত্যু হয় গায়কের। এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই ৭ জনকে অভিযুক্তকে আটক করেছে পুলিশ। আর এবার গায়কের টাকা নয় ছয় করার অভিযোগ উঠল তাঁরই ম্যানেজারের বিরুদ্ধে।
অন্যদিকে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই ঘটনাকে “স্পষ্ট খুন” বলে দাবি করলেও, সিঙ্গাপুর পুলিশের তদন্তে এখনও তার স্পষ্ট কোন প্রমাণ মেলেনি। এই ঘটনাকে কেন্দ্র করে অসম সহ গোটা দেশে গায়কের অনুরাগীদের মনেও নানান প্রশ্ন উঠছে। সেই সব প্রশ্নের উত্তর খুঁজতেই তদন্তের গতিবিধির দিকে নজর রেখেছেন সকলে। (Zubeen Garg Death)

