বাস্তুশাস্ত্রে বাড়ির প্রধান প্রবেশদ্বারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্রে এমন কিছু নিয়মের কথা বলা হয়েছে, যা মেনে চললে বাড়িতে ইতিবাচক শক্তির প্রবেশ বাড়ে বলে বিশ্বাস করা হয়। মনে করা হয়, এই দরজা দিয়েই সুখ, সমৃদ্ধি, সৌভাগ্য এবং শুভ শক্তি ঘরে প্রবেশ করে। তাই প্রধান দরজাটি সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন, গোছানো এবং শুভ প্রতীক দিয়ে সাজিয়ে রাখার পরামর্শ দেন বাস্তু বিশেষজ্ঞরা। তাঁদের মতে, প্রবেশদ্বারের সামনে কয়েকটি বিশেষ জিনিস রাখলে বাড়ির পরিবেশ ভালো থাকে এবং নেতিবাচক শক্তির প্রভাব কমে। (Vastu Tips)
জলভর্তি কলসি: বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির প্রবেশদ্বারের কাছে জলভর্তি একটি কলসি রাখা শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, কলসি সমৃদ্ধি এবং সম্পদের প্রতীক। প্রধান দরজার কাছে একটি চওড়া মুখের কলসি রেখে দিন। প্রতিদিন তাতে পরিষ্কার জল ভরে রাখলে তা শুভ ফল দেয় বলে বিশ্বাস করা হয়। অনেকেই সেই জলে ফুলের পাপড়িও ছড়িয়ে দেন। এতে বাড়িতে ইতিবাচক শক্তি আসে এবং নেতিবাচক শক্তির প্রবেশ বাধা পায় বলে মনে করা হয়।
আম পাতার মালা: প্রধান দরজায় আম পাতার মালা লাগানোর প্রথা বহু পুরনো। আম পাতা ছাড়াও অশোক, নিম বা নারকেলের ছোবড়া দিয়ে তৈরি মালাও ব্যবহার করা যেতে পারে। তবে কৃত্রিম পাতা নয়, গাছ থেকে তুলে আনা আসল পাতার মালা ব্যবহার করলেই সুফল মেলে। তবে মনে রাখতে হবে নির্দিষ্ট সময় অন্তর ওই পাতা শুকিয়ে গেলে তা বদলে ফেলা উচিত।
প্রবেশদ্বারের রঙ: বাস্তুশাস্ত্রে প্রধান দরজা বা লোহার গেটের রঙেরও বিশেষ গুরুত্ব রয়েছে। আবাসিক বাড়ির ক্ষেত্রে কালো রঙের পরিবর্তে লাল, সাদা, নীল বা বাদামী রঙকে বেশি শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই রংগুলি ইতিবাচক শক্তির প্রভাব বাড়াতে সাহায্য করে। (Vastu Tips)
বাস্তুর নিয়ম না মেনে ফ্রিজ রাখছেন? বাড়তে পারে অশান্তি, জেনে নিন সঠিক নিয়ম
গণেশের মূর্তি বা ছবি: যাঁরা বাড়ির প্রবেশদ্বারে ভগবান গণেশের ছবি বা মূর্তি রাখতে চান, তাঁদের জন্য পরামর্শ হল সেটি দরজার ভেতরের দিকে স্থাপন করা। বিশ্বাস করা হয়, এতে বাড়িতে সুখ-সমৃদ্ধি আসে এবং জীবনের নানা বাধা দূর হয়। পাশাপাশি, প্রধান দরজার জন্য কাঠকে সবচেয়ে ভালো উপাদান হিসেবে ধরা হয়। তবে কাঠের দরজা না থাকলে লোহার গেটও উপযুক্ত বলে মনে করা হয়।
শুভ গাছ: বাস্তুশাস্ত্র অনুযায়ী, বাড়ির প্রবেশদ্বারের ডান দিকে কিছু বিশেষ গাছ রাখা শুভ। তুলসী, মানি প্ল্যান্ট বা জেড প্ল্যান্টের মতো গাছ প্রবেশদ্বারের কাছে রাখলে সুখ, সমৃদ্ধি এবং ধন-সম্পদ বৃদ্ধি পায় বলে বিশ্বাস করা হয়। এমনকি বাড়িতে আর্থিক উন্নতি হয় এবং পরিবারের সদস্যরা বিলাসবহুল জীবনযাপন করেন বলেও বাস্তুশাস্ত্রে উল্লেখ রয়েছে। (Vastu Tips)

