সরকারি বাসচালককে মারধরের ঘটনায় গ্রেফতার চার পর্যটককে। হিমাচলের রাজধানী শিমলায় ফের পর্যটকদের আচরণে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। শিমলার থিওগ এলাকায় জাতীয় সড়কে ঘটে যাওয়া এই ঘটনা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও প্রশাসনিক স্তরে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার ভিডিয়ো সামাজ মাধ্যমে ভাইরাল হতেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। (Shimla Road Rage)
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত বাসচালকের নাম ধর্মেন্দ্র সিং। তিনি হিমাচল রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন বা HRTC-র একটি সরকারি বাস চালাচ্ছিলেন। শনিবার দুপুরে থিওগের কাছে জাতীয় সড়কে একটি SUV গাড়ির সঙ্গে ওভারটেক করা নিয়ে প্রথমে বচসা শুরু হয়। অভিযোগ, হরিয়ানা নম্বরের ওই SUV-তে চার যুবক ছিলেন। রাস্তার মাঝেই তাঁরা বাসটিকে থামাতে বাধ্য করেন। এরপর বাসচালকের সঙ্গে উত্তপ্ত তর্কাতর্কি শুরু হয়। (Shimla Road Rage)
প্রত্যক্ষদর্শীদের দাবি, কয়েক মিনিটের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অভিযুক্তরা বাসচালক ধর্মেন্দ্র সিংকে বাস থেকে টেনে নামিয়ে মারধর করতে শুরু করেন। তাঁকে ঘুষি ও লাথি মারা হয় বলেও অভিযোগ। ঘটনায় বাসের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কয়েকজন যাত্রী ও স্থানীয় মানুষ এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। কিন্তু ততক্ষণে চালক গুরুতরভাবে জখম হন। (Shimla Road Rage)
ঘটনার একটি ভিডিয়ো পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, কয়েকজন যুবক রাস্তায় দাঁড়িয়ে এক ব্যক্তিকে ঘিরে মারধর করছে। ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরই পুলিশ প্রশাসনের উপর দ্রুত পদক্ষেপের চাপ বাড়ে। স্থানীয় মানুষদের একাংশ অভিযোগ করেছেন, পাহাড়ি এলাকায় বহু পর্যটক নিয়ম না মেনে গাড়ি চালান এবং সামান্য বিষয় নিয়েও আক্রমণাত্মক আচরণ করেন। এই ঘটনায় সেই অভিযোগ আরও জোরালো হয়েছে।
শিমলা পুলিশ জানিয়েছে, ভিডিয়ো ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে দ্রুত তদন্ত শুরু করা হয়। এরপর অভিযুক্ত চার পর্যটককে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, হামলা চালানো, ভয় দেখানো এবং শান্তিভঙ্গের অভিযোগ আনা হয়েছে পর্যটকদের বিরুদ্ধে। পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্তরা মদ্যপ অবস্থায় ছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। (Shimla Road Rage)
ঘটনার পর HRTC কর্মীদের মধ্যেও ক্ষোভ ছড়িয়েছে। পরিবহণ কর্মীদের একাংশের বক্তব্য, পাহাড়ি রাস্তায় বাস চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ। সেই পরিস্থিতিতে সরকারি কর্মীদের উপর হামলার ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, ভবিষ্যতে এ ধরনের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং পর্যটকদের আইন মেনে চলার বিষয়ে আরও কড়া নজরদারি করা হবে। (Shimla Road Rage)
ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

